করোনায় আক্রান্ত সাবেক স্বাস্থ্যমন্ত্রী - Shera TV করোনায় আক্রান্ত সাবেক স্বাস্থ্যমন্ত্রী - Shera TV

করোনায় আক্রান্ত সাবেক স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সোমবার (১ জুন) তার নমুনা পরীক্ষার রিপোর্টে করোনাভাইরাস পজিটিভ এসেছে। তিনি বর্তমানে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. মহিউদ্দন আহমেদের তত্ত্বাবধানে রয়েছেন।

বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে পরিচালক ও প্রধান নির্বাহী আল ইমরান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘তিনি সোমবার দুপুরে হাল্কা শ্বাস কষ্ট নিয়ে ভর্তি হয়েছেন। উনার কোভিড-১৯ শনাক্ত হয়েছে। কিছুক্ষণ আগে উনাকে আইসিইউতে নেওয়া হয়েছে।’

মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয় দেশবাসীর কাছে তার বাবার জন্য দোয়া চেয়েছেন। তিনি জানান, চার দিন আগে পরিবারের সবাই বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পরীক্ষা করিয়েছেন। সবারই রিপোর্ট নেগেটিভ এসেছে। কিন্তু তার বাবা শারীরিক দুর্বলতা অনুভব করায় তাকে হাসপাতালে ভর্তি করিয়েছেন। আজকেই তাকে হাসপাতালে ভর্তি করানো হয় এবং করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেন চিকিৎসকরা।

জয় আরও জানান, আপাতত তার বাবাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালেই রাখা হবে। শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হবে।

মোহাম্মদ নাসিমের শ্বাসকষ্ট না থাকলেও প্রস্রাবে সমস্যা রয়েছে বলেও জানান তিনি।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360