বাগদাদে মার্কিন দূতাবাসের নিকট রকেট হামলা - Shera TV বাগদাদে মার্কিন দূতাবাসের নিকট রকেট হামলা - Shera TV

বাগদাদে মার্কিন দূতাবাসের নিকট রকেট হামলা

ইন্টারন্যাশনাল ডেস্ক:
ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত গ্রিন জোনে (মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকা) আবার রকটে হামলা হয়েছে। গত ১০ দিনের মধ্যে বাগদাদের সুরক্ষিত অঞ্চলে পঞ্চমবারের মতো রকেট হামলার ঘটনা ঘটলো। এএফপির এক প্রতিবেদক কমপক্ষে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন।

বিস্ফোরণের পরপরই গ্রিন জোনে বিপদ সংকেত বাজানো হয়। এতে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। আগের হামলাগুলোর মতো এ রকেট হামলা চালানোর দায়ও কেউ স্বীকার করেনি। গত অক্টোবর থেকে ইরাকে মার্কিন স্বার্থ লক্ষ্য করে কমপক্ষে ৩২টি হামলা চালানো হয়।

গত ৮ জুন থেকে ইরাকে মার্কিন দূতাবাসের কাছে এটি ছিল দ্বিতীয় দফায় রকেট হামলা। অপর হামলাগুলো বাগদাদ বিমানবন্দর এবং রাজধানীর উত্তরের একটি ঘাঁটি লক্ষ্য করে চালানো হয়। বাগদাদ বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের সৈন্য রয়েছে।

হামলাগুলোর জন্য ইরাকের নিরাপত্তা বাহিনীর মধ্যে থাকা ইরানপন্থী বিভিন্ন বাহিনীকে দায়ী করে আসছে যুক্তরাষ্ট্র। গত জানুয়ারিতে ইরানের শীর্ষস্থানীয় সেনা কমান্ডার কাশেম সোলেইমানি বাগদাদ বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় নিহত হওয়ার পর থেকে দেশটিতে এই রকেট হামলার ঘটনা বেড়েছে।

জেনারেল কাশেম সোলেইমানি ও তার মিত্র ইরাকি মিলিশিয়া কমান্ডার আবু মাহদি আল-মুহানদিস নিহত হওয়ায় জানুয়ারিতে ওয়াশিংটন ও ইরাকের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। ড্রোন হামলার জবাবে ইরাক থেকে বিদেশি সকল সৈন্য বহিস্কারে বাগদাদের পার্লামেন্ট ভোট দিলেও এ সিদ্ধান্ত এখনো বাস্তবায়ন হয়নি।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360