হজ্ব নিবন্ধন শুরু ১০ জুলাই, আবেদন করতে পারবেন বাংলাদেশি সৌদি প্রবাসীরা - Shera TV হজ্ব নিবন্ধন শুরু ১০ জুলাই, আবেদন করতে পারবেন বাংলাদেশি সৌদি প্রবাসীরা - Shera TV

হজ্ব নিবন্ধন শুরু ১০ জুলাই, আবেদন করতে পারবেন বাংলাদেশি সৌদি প্রবাসীরা

অনলাইন ডেস্ক:
করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে এবার ‘খুবই সীমিত সংখ্যক’ হাজির অংশগ্রহণে হজ অনুষ্ঠিত হবে। কারা হজের সুযোগ পাবেন তা নির্ধারণে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে নিবন্ধন। ১০ জুলাই পর্যন্ত এ নিবন্ধন চলবে। যারা হজের সুযোগ পাবেন তাদের নাম ঘোষণা করা হবে আগামী ১৩ জুলাই।

সৌদি আরবস্থ বাংলাদেশ হজ মিশনের কাউন্সিলর মাকসুদুর রহমান এ তথ্য জানিয়েছেন। গত মাসে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছিল, করোনার বিস্তার রোধে এ বছর এক হাজারেরও কম সংখ্যক হাজির অংশগ্রহণে হজ পালিত হবে। পরে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, শুধু সৌদি নাগরিক এবং দেশটিতে আগে থেকেই বাস করা বিদেশিরা এ বছর হজে অংশ নিতে পারবেন, যাদে সংখ্যা হবে অনধিক ১০ হাজার জন।

মাকসুদুর রহমান জানান, সৌদিতে বাস করা বাংলাদেশি নাগরিকরা হজে অংশ নিতে নিবন্ধন করতে পারবেন। তবে বাংলাদেশ থেকে কেউ নিবন্ধন করতে পারবেন না। সৌদিতে বাস করা বাংলাদেশিদের কতজন হজ করার সুযোগ পাবেন, সেই সংখ্যা নির্ধারিত নয়। সৌদি সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

মাকসুদুর রহমান সৌদি সংবাদ মাধ্যমের বরাতে জানান, যতদূর জানতে পেরেছেন সৌদিতে থাকা বিভিন্ন দেশের দূতাবাসের সঙ্গে সমন্বয় করে হাজি নির্বাচন করা হতে পারে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক বার্তা পাননি তিনি।

চাঁদ দেখা সাপেক্ষে আাগামী ৩০ জুলাই হজ পালিত হবে। ইসলাম ধর্মাবলম্বীদের বৃহত্তম এ জমায়েতে প্রতি বছর বিভিন্ন দেশের প্রায় ২৫ লাখ মানুষ অংশ নেন। এ বছর বাংলাদেশ থেকে এক লাখ ৩৭ হাজার হজযাত্রী যাওয়ার কথা ছিল। গত এপ্রিল পর্যন্ত প্রায় ৬৩ হাজার মুসল্লি হজে যেতে নিবন্ধন করেছিলেন। করোনার কারণে তাদের কেউ এবার যেতে পারছেন না।

যারা নিবন্ধন বাতিল করে টাকা ফেরত নিতে চান, তারা ১০ জুলাইয়ের পর আবেদন করতে পারবেন। যারা টাকা ফেরত নেবেন না, তারা আগামী বছর নিবন্ধনে অগ্রাধিকার পাবেন।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360