অলিম্পিকের ভবিষ্যত আটকে আছে করোনা ভ্যাকসিনে - Shera TV অলিম্পিকের ভবিষ্যত আটকে আছে করোনা ভ্যাকসিনে - Shera TV

অলিম্পিকের ভবিষ্যত আটকে আছে করোনা ভ্যাকসিনে

স্পোর্টস ডেস্ক:

করোনাভাইরাসের কারণে এক বছর পিছিয়ে গেছে অলিম্পিক। ২০২১ সালের ২১ জুলাই শুরু হওয়ার কথা বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়ামহাযজ্ঞ। কিন্তু বৈশ্বিক মহামারির প্রাদুর্ভাবে অলিম্পিক নিয়ে শঙ্কা এখনও কাটেনি। কারণ এখন পর্যন্ত করোনা ভ্যাকসিন আবিস্কার করতে পারেনি কোনো দেশ।

শেষ পর্যন্ত আগামী এক বছরের মধ্যে করোনা ভ্যাকসিন কিংবা প্রতিষেধক না বের হলে আবারও পিছিয়ে যেতে পারে টোকিও অলিম্পিক। এমনই ইঙ্গিত দিয়েছেন টোকিও অলিম্পিক কমিটির প্রধান ইয়োশিরো মোরি, ‘অলিম্পিক হবে কি হবে না, এটা নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর। করোনা ভ্যাকসিনের ওপর নির্ভর করছে অলিম্পিকের ভবিষ্যৎ। এক বছর পিছিয়ে দেওয়া হয়েছে অলিম্পিক।

কিন্তু করোনা পরিস্থিতির উন্নতি না হলে আগামী বছরের নতুন সময়সূচি অনুযায়ীও অলিম্পিক আয়োজন সম্ভব নয়। সেক্ষেত্রে এটি আবারও পিছিয়ে ২০২২ সালে নিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তখন অলিম্পিক বাতিলই করে দিতে হবে। তবে ভ্যাকসিন আবিস্কার হলে অবশ্যই আগামী বছর অলিম্পিক আয়োজন করা হবে। সবার আগে গুরুত্বপূর্ণ হলো স্বাস্থ্য সুরক্ষা।’

জাপানের চিকিৎসকরা বারবার বলে আসছেন, ভ্যাকসিন আবিস্কার না হলে অলিম্পিক আয়োজন উচিত হবে না। করোনায় দেশটিতে প্রায় এক হাজার মানুষের প্রাণহানি হয়েছে। কভিড-১৯-এর কথা মাথায় রেখে অনেকেই দর্শকশূন্যভাবে অলিম্পিক আয়োজনের কথা বলেছিলেন। তবে সেটা উড়িয়ে দিয়েছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান থমাস বাখ। তার মতো আয়োজক কমিটির প্রধান মোরিও ক্লোজ ডোরে গেমস আয়োজনের বিপক্ষে।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360