মারাত্মক বিপদ ডেকে আনতে পারে হ্যান্ড স্যানিটাইজার - Shera TV মারাত্মক বিপদ ডেকে আনতে পারে হ্যান্ড স্যানিটাইজার - Shera TV

মারাত্মক বিপদ ডেকে আনতে পারে হ্যান্ড স্যানিটাইজার

লাইফস্টাইল ডেস্ক:

করোনা মহামারির এ সময়ে হাতের জীবাণু ধ্বংসে সাবান-পানির বিকল্প হিসেবে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহার অবিশ্বাস্য হারে বেড়েছে। অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড স্যানিটাইজার করোনাভাইরাস ধ্বংস করে বলে এর জনপ্রিয়তা আকাশচুম্বী।

তবে তীব্র রোদে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারে মারাত্মক ঝুঁকি রয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। জাভা ইউকে’র চিকিৎসকরা হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন যে, কড়া রোদে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড স্যানিটাইজার ত্বকে মারাত্মক প্রতিক্রিয়া ঘটাতে পারে, যার ফলে ব্যাথাদায়ক বার্ন এবং ফোস্কা পড়তে পারে।

মিরর অনলাইনকে ডা. সিমরান ডিও বলেন, ‘আপনি যদি সূর্যের আলোতে দীর্ঘ সময় থাকেন তাহলে অ্যালকোহল-ভিত্তিক স্যানিটাইজার ব্যবহার করা আপনার ত্বকের ক্ষতির কারণ হতে পারে।’

এই প্রতিক্রিয়ার কারণ এখনও পুরোপুরি জানা যায়নি। তবে এ বিষয়টি জানা যে, হ্যান্ড স্যানিটাইজারের অতি ব্যবহারে একজিমার ঝুঁকি বেড়ে যায়। একজিমার উপসর্গ হিসেবে ত্বক লাল হতে পারে, শুকিয়ে যেতে পারে, ফেটে যেতে পারে ও এমনকি ফোসকা ওঠতে পারে, যা চুলকানি বা ব্যথার কারণ হয়।

ডা. সিমরানের মতে, করোনা মহামারির বিস্তার কমাতে নিয়মিত হাত পরিষ্কার করা একটি অপরিহার্য উপায়। ত্বকে একজিমা থাকলে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহার এড়িয়ে সাবান-পানি ব্যবহারের চেষ্টা করা উচিত। অন্যথায় সূর্যের কড়া রোদে ত্বকের অবস্থা আরও খারাপের দিকে যেতে পারে। ঘন ঘন হাত ধোয়ার পর ময়েশ্চারাইজার ব্যবহার না করলেও একই প্রতিক্রিয়া দেখা দিতে পারে। হাতে হ্যান্ড স্যানিটাইজার ঢেলে ১৫-৩০ সেকেন্ড ঘষে শুকিয়ে আসলে ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত।

হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে কড়া রোদে থাকাকালীন সময়ে ফোস্কা হওয়ার ঝুঁকি এড়াতে গ্লাভস পরার পরামর্শ দিয়েছেন তিনি।

 

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360