সেরা নিউজ ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যে অনুষ্ঠানে প্রাইমারী নির্বাচনের লড়াইয়ে জয় পেয়েছেন দুই বাংলাদেশি। মিশিগান অঙ্গরাজ্য থেকে ৪ বাংলাদেশি প্রার্থী বিভিন্ন পদে অংশ নিলেও ওয়ারেন সিটির ওয়ারেন ম্যাকম্ব থেকে ডেলিগেট প্রার্থী খাজা শাহাব আহমেদ ও হ্যামট্রামাক সিটির ৫ নম্বর প্রিসিংকটের ডেলিগেট পদপ্রার্থী মিনহাজ রাসেল চৌধুরী জয় লাভ করেছেন।
আমেরিকার প্রাইমারি নির্বাচনে জয় লাভ করা এসব প্রার্থীরা চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিতব্য নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিসেবে রিপাবলিকান পার্টির প্রার্থীদের সাথে প্রতিদ্বন্দিতা করবেন বলে জানা গেছে।
নির্বাচিত ডেলিগেট পদপ্রার্থীর মধ্যে খাজা শাহাব আহমদ ওয়ারেন সিটি ডেমোক্রেটিক পার্টির অফিশিয়াল ডাইভার্সিটি চেয়ারম্যান। এ ছাড়া তিনি মিশিগান বাংলাদেশি-আমেরিকান ডেমোক্রেটিক ককাসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান।
অপরদিকে মিনহাজ রাসেল চৌধুরী মিশিগান ডেমোক্রেটিক পার্টির ১৪তম কংগ্রেস ডিস্ট্রিক্টের ভাইস চেয়ারম্যান। নির্বাচনে জয় লাভ করার পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘এই বিজয় বাংলাদেশিদের বিজয়, আমাদের কমিউনিটির সবার বিজয়।’ সবাইকে সাথে নিয়ে কাজ করতে চান বলেও জানান তিনি।
সেরা নিউজ/আকিব