বিনোদন ডেস্ক:
রিয়া চক্রবর্তী। বলিউডের প্রতিভাবান অভিনেতা সুশান্ত সিংহের রহস্যময় মৃত্যুর পর এটাই গণমাধ্যমে সবচেয়ে বেশি চর্চিত নাম। সেই রিয়া জানালেন, একমাত্র জিনিস, যা সুশান্তের থেকে তিনি পেয়েছেন। শনিবার( ৮ আগস্ট) একটা বোতলের ছবি পোস্ট করে এই দাবি করেছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী।
তার পোস্ট করা সেই ফ্লাস্কের ছবিতে চিচোঁড়ে সিনেমার নাম খোদাই করা। এই বোতলের সঙ্গেই সুশান্তের হাতে লেখা একটা নোটবইয়ের পাতা সোশাল মাধ্যমে পোস্ট করেছেন রিয়া। সেই নোটবইয়ে জীবনের সাতটি প্রাপ্তির নাম উল্লেখ করেছেন সুশান্ত সিং রাজপুত।
সেই নোটে লেখা, ‘আমি কৃতজ্ঞ জীবনের জন্য। লিলুর জন্য, বেবুর জন্য, স্যারের জন্য, মামের জন্য আর হাজার জন্য।’ এই নোট প্রসঙ্গে লিখতে গিয়ে রিয়া লিখেছেন, “এটা সুশান্তের লেখা। লিলু আমার ভাই শৌভিক, বেবু আমি। স্যার আমার বাবা আর মাম আমার মা এবং ফাজ ওর পোষ্য।”
এদিকে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তের ভার হাতে নিয়েছে সিবিআই। অভিনেতার অস্বাভাবিক মৃত্যুতে নতুন করে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থাটি। এফআইআরে সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা, অপরাধমূলক ষড়যন্ত্র, চুরি, প্রতারণা, জোর করে আটকে রাখা ও ভয় দেখানোর মতো নানা অভিযোগ আনা হয়েছে। রিয়া ছাড়াও অভিযোগ দায়ের করা হয়েছে আরও চার জনের নামে। তাঁরা হলেন, রিয়ার ভাই শৌভিক চক্রবর্তী, শ্রুতি মোদী, স্যামুয়েল মিরান্দা এবং ইন্দ্রজিৎ চক্রবর্তী।
গত ১৪ জুন সুশান্ত সিং রাজপুতকে তাঁর বাড়িতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিক তদন্তের পর ভারতের মুম্বাই পুলিশ জানায় যে, সুশান্ত আত্মহত্যা করেছেন।