আগামীকাল শিপ্রা-সিফাতকে জিজ্ঞাসাবাদ করবে র‍্যাব - Shera TV আগামীকাল শিপ্রা-সিফাতকে জিজ্ঞাসাবাদ করবে র‍্যাব - Shera TV

আগামীকাল শিপ্রা-সিফাতকে জিজ্ঞাসাবাদ করবে র‍্যাব

নিজস্ব প্রতিবেদক:
টেকনাফে মেজর (অবঃ) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার আদ্যপ্রান্ত জানতে আগামীকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুই শিক্ষার্থী শিপ্রা দেবনাথ ও সিফাতকে জিজ্ঞাসাবাদ করবে র‍্যাব।

বুধবার (১২ আগস্ট) র‍্যাব সদর দফতরে মেজর (অবঃ) সিনহার মৃত্যুর বিষয়ে সর্বশেষ তথ্য সংক্রান্ত এক ব্রিফিংয়ে বিষয়টি জানান র‌্যাবের মুখপাত্র লে. কর্নেল আশিক বিল্লাহ।

আশিক বিল্লাহ বলেন, তদন্ত কর্মকর্তা বিচক্ষণতা বিবেচনায় প্রথমে সাক্ষীদের সঙ্গে কথা বলে আসামিদের রিমান্ডে আনতে চাইছেন। তাই ঘটনার সময় থাকা দুই শিক্ষার্থী শিপ্রা এবং সিফাতের সঙ্গে র‌্যাবের যোগাযোগ হয়েছে। তাদেরকে আগামীকাল যেকোনো সময় প্রয়োজন অনুযায়ী জিজ্ঞাসাবাদ করা হবে। তবে তারা সব সময় উন্মুক্ত থাকবে। তাদের জন্য সময় নির্ধারিত নয়। তাদের জিজ্ঞাসাবাদ শেষে গতকাল যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। এরপর বরখাস্তকৃত ৭ পুলিশ সদস্যদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। অর্থাৎ আগামীকাল থেকে তাদের রিমান্ডের সময় গণনা শুরু।

তিনি বলেন, সম্পূর্ণ নিরপেক্ষ হয়ে, কোনো রকম চাপ ছাড়াই পেশাদারিত্বের সঙ্গে মামলার তদন্ত কাজ করবে র‍্যাব। আমাদের এখন মূল কাজ হচ্ছে এ মামলার মোটিভ উদঘাটন করা। সেজন্য তদন্ত চলছে। কিন্তু আমরা লক্ষ্য করেছি এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যম ও গণমাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এসব থেকে বিরত থাকতে র‍্যাব আহ্বান জানাচ্ছে।

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, পুলিশের গুলিতে নিহতের ঘটনার তদন্ত র‍্যাবের কাছে আসে। এরপর সামগ্রিক তথ্য উপাত্ত বিশ্লেষণ করে পুলিশের দায়ের করা মামলার তিনজন সাক্ষী হত্যাকাণ্ডে প্রত্যক্ষভাবে জড়িতদের সহায়তা করেছেন বলে আলামত পাওয়া গেছে। এ কারণে গতকাল সে ৩ জন মো. নুরুল আমিন, আয়াজ উদ্দিন এবং নিজাম উদ্দিনকে গ্রেফতার করে আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তিনি বলেন, র‍্যাব মূলত হত্যা কেন্দ্রিক যে ঘটনাটি ঘটেছে সে বিষয়টির তদন্ত করছে।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360