বর্ণবাদ নিয়ে বিক্ষোভে ফুঁসছে দক্ষিণ আফ্রিকা - Shera TV বর্ণবাদ নিয়ে বিক্ষোভে ফুঁসছে দক্ষিণ আফ্রিকা - Shera TV

বর্ণবাদ নিয়ে বিক্ষোভে ফুঁসছে দক্ষিণ আফ্রিকা

অনলাইন ডেস্ক:
শ্যাম্পুর বিজ্ঞাপনে কৃষ্ণাঙ্গ নারীর চুলের সঙ্গে শেতাঙ্গ নারীর চুলের তুলনা করায় বিক্ষোভে ফুঁসছে দক্ষিণ আফ্রিকা। বিষয়টিকে ‘বর্ণবাদ’ হিসেবে আখ্যায়িত করে সোমবার বিক্ষোভে রাস্তায় নেমেছে দেশটির হাজার হাজার মানুষ। খবর আল জাজিরার।

গণমাধ্যমটি বলছে, ট্রিসেমি হেয়ার কোম্পানির তৈরি একটি শ্যাম্পুর বিজ্ঞাপন স্থানীয় ফার্মেসি চেইন জায়ান্ট ক্লিক ফার্মেসির ওয়েবসাইটে প্রচার করা হয়। যেখানে কৃষ্ণাঙ্গ নারীর প্রাকৃতিক চুলকে ‘শুষ্ক, ক্ষতিগ্রস্ত, রুক্ষ ও নিস্তেজ’ বলে আখ্যায়িত করা হয়। অন্যদিকে, ক্লিকের শ্যাম্পু ব্যবহারকারী শেতাঙ্গ নারীর চুলকে ‘সুন্দর, মসৃণ ও সাধারণ’ বলে উল্লেখ করা হয়।

বিষয়টি নজরে আসার পরপর দেশটির বিরোধী দল ইকোনমিক ফ্রিডম ফাইটার্স (ইএফএফ) সোমবার বর্ণবাদী এই বিজ্ঞাপনের প্রতিবাদে কোম্পানিটির বিরুদ্ধে বিক্ষোভের ডাক দেয়। ইএফএফের ডাকে দেশটির হাজার হাজার মানুষ কোম্পানির আউটলেটের সামনে জড়ো হয়ে বিক্ষোভ পালন করেন। এমনকি ক্লিকের একটি আউটলেটে পেট্রোল বোমা বিস্ফোরণেরও ঘটনা ঘটেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেয়া এক বার্তায় ইএফএফ বলেছে, আমরা ক্লিকসকে দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ চালিয়ে যেতে দেব না। ক্লিকের অবশ্যই পতন ঘটবে। ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকায় টুইটারে হ্যাশট্যাগে ক্লিক মাস্ট ফল (#clicksmustfall) ট্রেন্ড হয়েছে।

এদিকে ক্লিক ফার্মেসি ইতিমধ্যে তাদের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করে ছবিগুলো তাদের ওয়েবসাইট থেকে সরিয়ে নিয়েছে। এই ফার্মেসির ৫০০টিরও বেশি শাখা রয়েছে দক্ষিন আফ্রিকায়।

এক বিবৃতিতে তারা বলেন, ‘আমরা সবসময় প্রাকৃতিক চুলের প্রশংসা করি। তবে আমরা খুবই দুঃখিত যে আমরা প্রাকৃতিক চুলকে অপমান করেছি এই ছবি প্রকাশের মাধ্যমে। আমরা ভুল করেছি এবং এর জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।

দক্ষিণ আফ্রিকার বিভিন্ন জায়গায় চুলকে স্পশকাতর ইস্যু হিসেবে ধরা হয়।

 

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360