১৫ দিনে ১৫ কেজি ওজন কমাতে চান অপু - Shera TV ১৫ দিনে ১৫ কেজি ওজন কমাতে চান অপু - Shera TV

১৫ দিনে ১৫ কেজি ওজন কমাতে চান অপু

বিনোদন ডেস্ক:

নতুন একটি ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। ছবির নাম ‘ছায়াবৃক্ষ’। অনুদানের এ ছবিতে অভিনয়ের জন্য তাকে কমাতে হবে ১৫ কেজি ওজন। তাও আবার মাত্র ১৫ দিন।

বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক বন্ধন বিশ্বাস। তিনি বলেন, চরিত্রের প্রয়োজনে এখানে অপু বিশ্বাসকে ১৫ কেজি ওজন কমানোর কথা বলা হয়েছে।তিনি তা করবেন বলেও জানিয়েছেন।

এদিকে আজ (১৩ সেপ্টেম্বর) রাজধানীর একটি রেস্তোরাঁয় এই সিনেমায় আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন অপু। এ সময় উপস্থিত ছিলেন চলচ্চিত্র প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, ছবির নায়ক নিরব হোসেনসহ সিনেমাটির প্রযোজক ও পরিচালক।

অপু বলেন, ‘সিনেমার গল্প চা শ্রমিকদের নিয়ে। তাদের জীবনের সুখ, দুঃখ, হাসি, কান্না থাকছে এতে। গল্পটি যে কারোরই ভালো লাগবে। আমার খুব পছন্দ হয়েছে। আশা করি আগামী মাসে শুটিংয়ে ফিরতে পারবো।’

২০১৯-২০ অর্থবছরে পূর্ণদৈর্ঘ্য বিভাগে ৫০ লাখ টাকা অনুদান পায় ‘ছায়াবৃক্ষ’ সিনেমা। ছবিটির অপর প্রযোজক অনুপম কুমার বড়ুয়া। সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন তানভীর আহমেদ সিডনি। সংগীত পরিচালনায় আছেন ইমন সাহা।

জানা যায়, ১ অক্টোবর থেকে চট্টগ্রাম ও সিলেটে ‘ছায়াবৃক্ষ’ ছবির শুটিং হবে। পুরো কাজ হবে সেখানকার একটি চা বাগানে।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360