দীর্ঘদিন পর ফিরছেন রেসি - Shera TV দীর্ঘদিন পর ফিরছেন রেসি - Shera TV

দীর্ঘদিন পর ফিরছেন রেসি

সেরা এন্টারটেইনমেন্ট ডেস্ক:
মৃদুলা আহমেদ রেসি। এক সময়ের ঢাকাই চলচ্চিত্রের অন্যতম চাহিদাসম্পন্ন অভিনেত্রী ছিলেন তিনি। বর্তমানে স্বামী, সন্তান ও সংসার নিয়েই ব্যস্ত সময় অতিবাহিত করছেন। তবে মাঝে ব্যস্ততার ফাঁকেই একটি লেডি অ্যাকশন ভিত্তিক সিনেমায় অভিনয় করেন এই তারকা। নাম ‘ইয়েস ম্যাডাম’। এটি নির্মাণ করছেন রকিবুল আলম রকিব। তারকা বহুল এ সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আমিন খান, অমিত হাসান, শিপন, কেয়া, রেসি, রেবেকা রউফ প্রমুখ। সিনেমাটির কাজ প্রায় শেষের পথে।

রেসি বলেন, অনেক দিন ধরে পর্দায় নেই। রাস্তা ঘাটে যেখানেই যাই সবার শুধু একটা প্রশ্নই করে কবে আবার আমাকে পর্দায় দেখা যাবে। তাদের উদ্দেশে বলছি আমার অভিনীত ‘ইয়েস ম্যাডাম’ সিনেমাটির কাজ ইতিমধ্যে ৯৭ শতাংশ শেষ হয়েছে। এখন শুধু ডাবিং বাকি। এরপর সিনেমাটি মুক্তি দেয়া হবে। সত্যি কথা- আমি নিজেও অপেক্ষায় আছি নিজেকে আবার বড় পর্দায় দেখার। ক’দিন আগেও নতুন একটা ছবির প্রস্তাব পেয়েছেন বলে জানান রেসি। কিন্তু ব্যস্ততার কারণে প্রস্তাব ফিরিয়ে দেন।

এ ব্যাপারে রেসি বলেন, নতুন ব্যবসা শুরু করেছি। সবাই তো জানেন আমার বিউটি সেলুন, জেন্টস সেলুন আছে। এগুলোতে অনেক সময় দিতে হচ্ছে। তাই কোনোভাবেই সময় বের করতে পারছি না। এ ছাড়া সন্তানদের দেখাশোনা করতেও পর্যাপ্ত সময় দিতে হয়। ব্যবসা দাঁড় করানোর পর সিনেমার কাজ আবার পুরোদমে শুরু করার পরিকল্পনা আছে বলে জানান রেসি। তিনি বলেন, যে সুনামটা আছে সেটা তো নষ্ট করা যাবে না। ভালো গল্প, স্ক্রিপ্টের সিনেমা হলে সামনে কাজ করবো। বর্তমান সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে রেসি বলেন, এখন সিনেমা চলছে না। ভালো, মন্দ যাই হোক দর্শকদের এখন সিনেমার প্রতি তেমন আগ্রহ নেই। এর জন্য আমরাই দায়ী। তবে আশা রাখি সামনে ভালো কিছুই হবে। দেখা যাক করোনা পরিস্থিতি ঠিক হলে কী হয়।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360