শাশুড়ির শতকোটি টাকা আত্মসাতের মামলায় স্ত্রীসহ কারাগারে আওয়ামী লীগ নেতা - Shera TV শাশুড়ির শতকোটি টাকা আত্মসাতের মামলায় স্ত্রীসহ কারাগারে আওয়ামী লীগ নেতা - Shera TV

শাশুড়ির শতকোটি টাকা আত্মসাতের মামলায় স্ত্রীসহ কারাগারে আওয়ামী লীগ নেতা

সেরা নিউজ ডেস্ক:

বগুড়ায় শতকোটি টাকা আত্মসাতের মামলায় আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদের সদস্য আনোয়ার হোসেন রানা ও তার স্ত্রী আকিলা সরিফাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (২৫ অক্টোবর) তাদের জামিন নামঞ্জুর করে এ নির্দেশ দিয়েছেন বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

এর আগে ১ অক্টোবর রাতে আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদের সদস্য আনোয়ার হোসেন রানার বিরুদ্ধে ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনে থানায় এজাহার দাখিল করে তার শাশুড়ি দেলওয়ারা বেগম। এজাহারে রানার স্ত্রী আকিলা সরিফা সুলতানাসহ সরিফ উদ্দিন সুপার মার্কেট লিমিটেডের ৩ ব্যবস্থাপক-কে আসামি করা হয়। পরে ৫ অক্টোবর মামলাটি সদর থানায় রেকর্ড করা হয়। মামলা রেকর্ড হওয়ার পর ১১ অক্টোবর রানা ও তার স্ত্রী উচ্চ আদালতে জামিন প্রার্থনা করেন। সেখানে শুনানি শেষে আদালত তাদেরকে ৪ সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট কোর্টে হাজির হতে বলেন।

মামলার এজাহারে দেলওয়ারা বেগম অভিযোগ করেন, তার বয়স এবং অসুস্থতার সুযোগ নিয়ে আনোয়ার হোসেন রানা এবং তার স্ত্রী আকিলা সরিফা তার মালিকানাধীন সব প্রতিষ্ঠানের দেখাশোনার দায়িত্ব মৌখিকভাবে গ্রহণ করেন। শহরের কাটনারপাড়া এলাকায় একই বাড়িতে থাকার কারণে রানা বিভিন্ন সময় নানা ধরনের কাগজপত্রে তার স্বাক্ষরও গ্রহণ করেন। গত ২১ সেপ্টেম্বর বাড়ি ছেড়ে যাওয়ার পর তিনি জানতে পারেন যে, এর আগেই আনোয়ার হোসেন রানা অন্য আসামিদের সহযোগিতায় বিভিন্ন কাগজপত্র তৈরি করে ২০১৫ সালের ১ জুলাই থেকে ব্যাংকে রাখা ৫০ কোটি টাকার এফডিআর এবং অন্যান্য ব্যাংকে রাখা আরও ৫০ কোটি টাকাসহ মোট ১০০ কোটি টাকা আত্মসাৎ করেন।

 

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360