প্রথম ফিটনেস টেস্টেই বাজিমাত সাকিবের - Shera TV প্রথম ফিটনেস টেস্টেই বাজিমাত সাকিবের - Shera TV

প্রথম ফিটনেস টেস্টেই বাজিমাত সাকিবের

স্পোর্টস ডেস্ক:

কে বলবে তিনি এক বছর ছিলেন ক্রিকেটের বাইরে? কে বলবে তিনি নিষিদ্ধ ছিলেন ক্রিকেটে?

-ক্রিকেটারটি যখন সাকিব আল হাসান তখন এই বিস্ময়ের জায়গা নেই। এক বছরের নিষেধাজ্ঞা শেষে প্রথম ফিটনেস টেস্টেই বাজিমাত। ফিটনেস পরীক্ষাতে সতীর্থদের ছাপিয়ে গড়লেন সেরা স্কোর।

বিপ টেস্টে সব ক্রিকেটারের মধ্যে সর্বোচ্চ নম্বর তুলছেন সাকিব। একইসঙ্গে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলার যোগ্যতা অর্জন করলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এ মাসের শেষদিকে তার প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরাটাও নিশ্চিত হয়ে গেল।

বিপ টেস্ট দিতে বুধবার সকালে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পা রাখেন সাকিব। আগের মতোই প্রাণবন্ত। হোম অব ক্রিকেটে বিপ টেস্টে বুঝিয়ে দিলেন তিনিই কেন বিশ্বসেরা। এক বছরেরও বেশি সময় পর ফিটনেস টেস্ট চমকই তো দেখালেন।

আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের জন্য বিপ টেস্টে বেঞ্চমার্ক দেওয়া হয় ১১ নম্বর। বিসিবির সেই বেঞ্চমার্কের চেয়েও বেশি স্কোর করলেন। সাকিবের স্কোর ১৩.৭। যা কীনা গত দুই দিন বিপ টেস্ট দেওয়া যেকোনো ক্রিকেটারের সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ ১৩.৬ পেয়েছিলেন কুমিল্লার পেসার মেহেদী হাসান।

সাকিবের বিপ টেস্ট নিয়েছেন হাইপারফরম্যান্স ইউনিট ও জাতীয় ক্রিকেট দলের ট্রেনার নিক লি। পরীক্ষা শেষে তিনিই বলছিলেন, ‘দেখুন, সাকিব ভালো করেছে। সবকিছুই একদম ঠিক ছিল।’

ইংল্যান্ড বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্সের পর সময়টা ভাল কাটেনি। জুয়াড়িদের অনৈতিক প্রস্তাব গোপন রেখে নিষিদ্ধ ছিলেন এক বছর। এরপর যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গেই কেটেছে সময়। সেপ্টেম্বরে বিকেএসপিতে ব্যক্তিগত অনুশীলন শেষে  যুক্তরাষ্ট্রে ফিরে গেলে ওজনও কিছুটা বেড়ে যায়।

তারপরও ফিরে চমক দেখালেন। সর্বোচ্চ ১৩.৭ নম্বর, বুঝিয়ে দিলেন ঝড় তুলতে প্রস্তুত তিনি।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360