কানাডায় উদ্বেগজনকহারে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা - Shera TV কানাডায় উদ্বেগজনকহারে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা - Shera TV

কানাডায় উদ্বেগজনকহারে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

সেরা নিউজ ডেস্ক:

কানাডায় সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি, সরকার কর্তৃক বিভিন্ন বিধিনিষেধ দেয়া সত্বেও করোনাভাইরাসকে কোনোভাবেই নিয়ন্ত্রিত করা যাচ্ছে না। এ অবস্থায় বিভিন্ন প্রদেশের বাসিন্দারা আশঙ্কার মধ্যে দিনযাপন করছেন।

মহামারীর দ্বিতীয় পর্যায়ে কানাডায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা উদ্বেগজনকহারে বাড়ছে। কানাডার প্রধান চারটি প্রদেশ অন্টারিও, ব্রিটিশ কলম্বিয়া, আলবার্টা ও কুইবেকে নাটকীয়ভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। আর করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির কারণে হাসপাতাল, নিবিড় পরিচর্যাকেন্দ্রে ব্যাপকহারে চাপ পড়ছে।

অন্টারিওর বিভিন্ন শহর ইতোমধ্যে রেড জোনের আওতাভুক্ত হয়েছে। যেখানে সীমিতসংখ্যক লোকজনের চলাচল এবং প্রয়োজন ছাড়া বাইরে বের হতে নিষেধ করা হয়েছে।

কানাডার প্রধান জনস্বাস্থ্য কর্মকর্তা ডা. থেরেসা ট্যাম কানাডিয়ানদের সতর্ক করে বলেছেন, কানাডায় যে অনুপাতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে করে ডিসেম্বরের প্রথম দিকে প্রতিদিন আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে। বর্তমানে প্রতিদিনের গণনার তুলনায় তা দ্বিগুণেরও বেশি।

সর্বশেষ তথ্য অনুযায়ী, কানাডায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ৭৫৪ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১১ হাজার ২৬৫ জনের এবং সুস্থ হয়েছেন ২ লাখ ৫২ হাজার ২৯৪ জন।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360