সেপ্টেম্বর পর্যন্ত অফিস যেতে হবে না গুগল কর্মীদের - Shera TV সেপ্টেম্বর পর্যন্ত অফিস যেতে হবে না গুগল কর্মীদের - Shera TV

সেপ্টেম্বর পর্যন্ত অফিস যেতে হবে না গুগল কর্মীদের

সেরা টেক ডেস্ক:

আগামী সেপ্টেম্বর পর্যন্ত অফিসে ফিরতে হবে না মার্কিন টেক জায়ান্ট গুগলের কর্মীদের। এই সময়ে বাড়ি থেকেই অফিস করবেন কর্মীরা। তবে আবার যখন অফিসে ফিরবেন তারা তখন সম্ভবত আর পাঁচদিন অফিস করতে হবে না। গুগলের প্রধান নির্বাহী (সিইও) সুন্দর পিচাই এমন ইঙ্গিত দিয়েছেন বলে সিএনএন জানিয়েছে।

কর্মীদের কাছে পাঠানো এক ইমেইলে সুন্দর পিচাই জানান, গুগল তার কর্মীদের জন্য সহজ কর্মসপ্তাহ চালুর পরিকল্পনা করছে। যেখানে সপ্তাহে কমপক্ষে তিনদিন অফিস করতে হবে তাদের। আর বাকি সময়টা বাড়ি থেকে কাজ করবেন তারা। নিউইয়র্ক টাইমস প্রথম এই তথ্য জানায়।

করোনা মহামারির কারণে অনেক দিন থেকেই বাড়ি থেকে কাজ করার (হোম অফিস) নিয়ম চালু করেছে গুগল। সে সময় বলা হয়, ২০২১ সালে জুলাই পর্যন্ত হোম অফিস করবেন তারা।

তবে কারোনাকালে এই হোম অফিসের ব্যবস্থা শুধু গুগল একাই করেনি। গত অক্টোবরে যুক্তরাষ্ট্রের আরেকটি বড় সংস্থা ড্রপবক্স ‘প্রথম ভার্চুয়াল’ অফিস শুরু করে। অর্থাৎ তাদের প্রায় তিন হাজার কর্মী বাড়ি থেকে কাজ করবেন। তবে মাঝে মাঝে সহযোগিতামূলক এবং দলগঠনগত কাজের জন্য অফিসে যেতে হয়। হোম অফিসের জন্য তাদের অফিসের বিন্যাস পুনর্গঠন করতে হয়। এজন্য তারা যা করেছে তাকে বলা হচ্ছে ‘ড্রাপবক্স স্টুডিও’।

এর আগে গত মে মাসে ফেসবুক প্রধান মার্ক জাকারবার্গ বলেন, ‘আগামী পাঁচ থেকে ১০ বছর আমাদের প্রায় ৫০ শতাংশ কর্মী বাড়ি থেকে কাজ করবেন।’

যেখানে টুইটার ঘোষণা দিয়েছে, তাদের যেসব কর্মী সারাজীবন বাড়ি থেকে কাজ করতে চান, তারা সেই সুযোগ পাবেন।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360