প্রেমিকের ওপর অভিমানে প্রেমিকার আত্মহত্যা - Shera TV প্রেমিকের ওপর অভিমানে প্রেমিকার আত্মহত্যা - Shera TV

প্রেমিকের ওপর অভিমানে প্রেমিকার আত্মহত্যা

স্টাফ রিপোর্টার:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রেমিকের ওপর অভিমান করে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেছেন নাছিমা নামের এক প্রেমিকা। তিনি (২৮) শ্রীমঙ্গল রেলওয়ের সাবেক স্টেশন মাস্টার হক মিয়ার মেয়ে।

সোমবার (২১ ডিসেম্বর) রাতে সিলেটের একটি হাসপাতালে মারা যান নাছিমা।

নিহতের স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নাছিমা তার ফেসবুক আইডি থেকে স্ট্যাটাস দিয়ে জানান, আকলাকুল সাইফের সঙ্গে ৮ মাস প্রেমের সম্পর্ক থাকার পর তিনি বিয়ে করতে অস্বীকৃতি জানান। বিভিন্ন সমস্যা দেখিয়ে তিনি লক্ষাধিক টাকা নিয়েছেন। তার ফোন নম্বর ব্লক লিস্টে রেখেছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্লক করা হয়েছে।

নিহত নাছিমার ভাই জহির রায়হান জানান, শ্রীমঙ্গল উপজেলার কলেজ রোড এলাকার বাসিন্দা আকলাকুল সাইফের সঙ্গে তার বোনের বন্ধুত্ব ছিল বলে জানতেন। কিন্তু প্রেমিক-প্রেমিকার সম্পর্ক ছিল তা আগে থেকে জানা ছিল না।

তিনি বলেন, ‘গত ১৪ ডিসেম্বর সকাল ৮টায় আমার মা দীর্ঘসময় বোনকে ডাকাডাকি করলেও সে ঘুম থেকে উঠছিল না। পরে আমরা তাকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে নিয়ে যাই। দুই দিন চিকিৎসার পর ১৬ তারিখ ডাক্তারের কাছ থেকে জানতে পারি, আমার বোন অনেকগুলা ঘুমের ওষুধ খায়।’

‘সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় আমার বোন মারা যায়। তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানতে পারি, প্রেমঘটিত কারণে সে আত্মহত্যা করেছে।’

এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ ছালেক জানান, এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360