সরকার এখন বেপরোয়া, দাবী ফখরুলের - Shera TV সরকার এখন বেপরোয়া, দাবী ফখরুলের - Shera TV

সরকার এখন বেপরোয়া, দাবী ফখরুলের

সেরা ডেস্ক রিপোর্ট:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র ও আইনের শাসনে অবিশ্বাসী বর্তমান শাসকগোষ্ঠী এখন বর্বর দলে পরিণত হয়েছে। তারই ফলশ্রুতিতে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মী এবং প্রতিবাদী মানুষের রক্তে হাত রঞ্জিত করে চারিদিকে ভীতির বিস্তার ঘটানো হচ্ছে। যাতে সরকারের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস না পায়।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল অভিযোগ করেন, পৌর নির্বাচনকে কেন্দ্র করে গোপালপুর পৌর জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী ও সাবেক ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর হাবিজা বেগমকে আওয়ামী সন্ত্রাসীরা কয়েকদিন আগে মোটরসাইকেল চাপা দিয়ে গুরুতর আহত করে। শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার মর্মান্তিক মৃত্যুর ঘটনা আবারও প্রমাণ করল বর্তমান অবৈধ সরকার দেশে বিরোধী দলের অস্তিত্ব রাখতে চায় না। এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিএনপি মহাসচিব আরও বলেন, ৩০ ডিসেম্বরের মধ্যরাতের মহাভোট ডাকাতির নির্বাচনের পর বর্তমান সরকারের দুঃশাসন যেন আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। এই সরকার রাষ্ট্রক্ষমতা ধরে রাখার লক্ষ্যে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে দেশকে বিএনপিশূন্য করতে এখন বেপরোয়া ভূমিকায় মাঠে নেমেছে। আর এই উদ্দেশ্যকে সামনে রেখে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে বিএনপি প্রার্থীসহ নেতাকর্মী ও সমর্থকদের ভয় পাইয়ে দিতে সরকারদলীয় সন্ত্রাসীদের লেলিয়ে দেয়া হয়েছে।

এদিকে আরেক বিবৃতিতে হাবিজা বেগমের মৃত্যুর ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360