দ্বার খুলেছে দেশের প্রথম নৌকা জাদুঘরের - Shera TV দ্বার খুলেছে দেশের প্রথম নৌকা জাদুঘরের - Shera TV

দ্বার খুলেছে দেশের প্রথম নৌকা জাদুঘরের

স্টাফ রিপোর্টার:
দ্বার খুলেছে দেশের প্রথম নৌকা জাদুঘরের। বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে বরগুনায় নৌকা জাদুঘরের উদ্বোধন করেন।

এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কবীর ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর মল্লিক উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, বরগুনা জেলা প্রশাসন মুজিববর্ষ উপলক্ষে নৌকা জাদুঘর তৈরি করে। এই জাদুঘরের নাম রাখা হয়েছে ‘বঙ্গবন্ধু নৌকা জাদুঘর। গত ৮ অক্টোবর এ জাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার। মাত্র ৮১ দিনে জাদুঘরের নির্মাণ কার্যক্রম সম্পন্ন হয়। বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাইন বিল্লাহ বঙ্গবন্ধু নৌকা জাদুঘরের নামকরণ, পরিকল্পনা এবং বাস্তবায়ন করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন ৭৮ শতাংশ জায়গাজুড়ে জাদুঘরটি নির্মাণ করা হয়। ১৬৫ ফুট দৈর্ঘ্য এবং ৩০ ফুট প্রস্থের নৌকার আদলে নির্মিত জাদুঘরটিতে দূর থেকেই দেখা যাবে বড় একটি নৌকা। এর মূল ভবন ৭৫ ফুট, প্রতিটি গলুইয়ের দৈর্ঘ্য ৪৫ ফুট।

স্বয়ংসম্পূর্ণ এই জাদুঘরে থাকছে দেশ-বিদেশের নানান আকৃতির একশত ধরনের নৌকার অনুকৃতি, একটি নৌকা গবেষণা কেন্দ্র, আধুনিক লাইব্রেরি, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার, শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন রাইডের ব্যবস্থা, ৯টি থিয়েটার, ফুড ক্যাফে ইত্যাদি।

জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, প্রাচীনকাল থেকে পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ নদীমাতৃক বাংলাদেশের অন্যতম প্রধান বাহন হিসেবে নৌকা ব্যবহৃত হয়ে আসছে। মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন অভিযানে বীর মুক্তিযোদ্ধাগণ নৌকা ব্যবহার করতেন। নৌকা ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বহন করে। বঙ্গোপসাগরের বিস্তীর্ণ উপকূল ঘেঁষে প্রবাহিত পায়রা, বলেশ্বর, বিশখালী ও খাকদোন বিধৌত জেলা বরগুনা। এই জেলার নামকরণের যে একাধিক জনশ্রুতি রয়েছে তার প্রায় সবগুলোই নৌকার সঙ্গে সম্পৃক্ত।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর বলেন, নৌকা আমাদের অনুভূতির নাম, ইতিহাস ঐহিত্যের নাম, এ নাম আমাদের জাতিসত্তায় মিশে আছে। এই হারিয়ে যাওয়া নৌকার স্মৃতি ধরে রাখতে মুজিববর্ষে জেলা প্রশাসন বরগুনা দেশের প্রথম নৌকা জাদুঘর প্রতিষ্ঠা করেছে। এটি সত্যি এক ভিন্নরকম উদ্যোগ ও ব্যতিক্রমী চিন্তার প্রতিফলন। আমরা মনে করি, এর মধ্য দিয়ে আমাদের ইতিহাস ঐতিহ্য নতুন প্রজন্ম জানতে পারবে।

জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুনিরুজ্জামান বলেন, নৌকা জাদুঘরে দেশ-বিদেশের বিভিন্ন ধরন ও আকৃতির নৌকাগুলোর অনুকৃতি সংরক্ষণ করা হয়েছে। এছাড়া নৌকা জাদুঘরের মাধ্যমে ব-দ্বীপ পরিকল্পনা-২১০০ বাস্তবায়নসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি ধারণ, জেলার পর্যটন শিল্পের বিকাশ, বাংলাদেশের চিরায়ত লোকজ ঐতিহ্য সংরক্ষণ ও তরুণ প্রজন্মের নিকট নৌকার অতীত ঐতিহ্য তুলে ধরা হয়েছে।

আগামী ১০ জানুয়ারি ২০২১ তারিখ হতে সব দর্শনার্থীদের জন্য জাদুঘর খুলে দেয়া হবে বলে জেলা প্রশাসন সূত্র নিশ্চিত করেছে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360