শিগগিরই আসছে ৫৭ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি - Shera TV শিগগিরই আসছে ৫৭ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি - Shera TV

শিগগিরই আসছে ৫৭ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি

সেরা জব ডেস্ক:

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৭ হাজার শিক্ষক নিয়োগের লক্ষ‌্যে প্রাথমিক কাজ শুরু হয়েছে। শিগগিরই তৃতীয় দফায় গণবিজ্ঞপ্তি প্রকাশের জন‌্য প্রস্তুতি নিচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

মঙ্গলবার (৯ মার্চ) এনটিআরসিএ’র চেয়ারম্যান আশরাফ উদ্দিন বলেছেন, ‘সারা দেশে বিভিন্ন পর্যায়ের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৭ হাজার শিক্ষক নিয়োগের জন্য আইন মন্ত্রণালয়ের মতামত পেয়েছি। এ বিষয়ে প্রাথমিক কাজ শুরু করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে নিয়োগ কার্যক্রম শুরু করতে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তৃতীয় ধাপের কাজ শেষ হলে চতুর্থ ধাপে সারা দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্য পদের তালিকা সংগ্রহের কাজ শুরু করা হবে।’

তিনি বলেন, ‘দুই বছর আগে নিয়োগ পাওয়া ১ হাজার ২৮৪ জন শিক্ষকের সমস্যা সমাধান করছি। ইতোমধ্যে সবার এমপিওভুক্তির কাজ শেষ করা হয়েছে। তবে নিয়োগ পাওয়া কয়েকজন শিক্ষকের জন‌্য নির্ধারিত শিক্ষাপ্রতিষ্ঠানে সুপারিশভুক্ত বিষয় না থাকায় তারা অভিযোগ জানিয়েছেন। এ কারণে ১৫ মার্চ পর্যন্ত এ সংক্রান্ত অভিযাগ জানাতে এনটিআরসিএ’র ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়েছি। অভিযোগ পাওয়ার পর তা সমাধান করা হবে।’

এনটিআরসিএ’র চেয়ারম্যান জানান, বর্তমানে ১৬তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা চলছে। আগামী এপ্রিলের মাঝামাঝি সময়ে তা শেষ হবে। পরবর্তী ৩০ দিনের মধ্যে এ পরীক্ষার ফল প্রকাশ করা হবে। তবে তৃতীয় ধাপে শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু করতে নানা ধরনের মতামত পাওয়া যাচ্ছে। কেউ ১৬তম নিবন্ধনের ফল প্রকাশের আগে, আবার কেউ পরে নতুন নিয়োগ কার্যক্রম শুরু করতে পরামর্শ দিচ্ছেন।

তিনি বলেন, ‘আমরা আর সময়ক্ষেপণ করতে চাচ্ছি না। নতুন করে জটিলতা না থাকলে দ্রুততম সময়ের মধ্যে শিক্ষক নিয়োগের নতুন গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তবে কখন তা প্রকাশ করা হবে, এ মুহূর্তে তা ঘোষণা করা হবে না।’

স্কুল-কলেজে চাহিদা অনুযায়ী শূন্য পদ পূরণ করতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি শুরু করেছে এনটিআরসিএ। এ বিষয়ে আদালতের কিছু আদেশ আছে, সেগুলো যাচাই-বাছাই করে শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এছাড়া, আবেদন প্রক্রিয়া কোন পদ্ধতিতে হবে, তার পরিকল্পনা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে ৫৭ হাজারের কিছু বেশি পদ শূন্য আছে। এর মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের ভুলের কারণে সুপারিশ পেয়েও নিয়োগ না পাওয়া ১ হাজার ২৭০ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। বাকি প্রায় ৫৬ হাজার শূন্য পদে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি দেওয়া হতে পারে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360