সারপ্রাইজ আসছে 'ব্যাচেলর পয়েন্টে' - Shera TV সারপ্রাইজ আসছে 'ব্যাচেলর পয়েন্টে' - Shera TV

সারপ্রাইজ আসছে ‘ব্যাচেলর পয়েন্টে’

সেরা বিনোদন ডেস্ক:

বৃহস্পতিবার থেকে শনিবার- এই তিনদিন সন্ধ্যা ৭টায় ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে প্রচার হয় তুমুল দর্শকপ্রিয় নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর সিজন থ্রি। কিন্তু হুট করেই নাটকটির প্রচার সময়ে আনা হলো পরিবর্তন। ওই পরিবর্তনকে দর্শকদের জন্য ‘সারপ্রাইজ’ বলে উল্লেখ করেন নাটকটির নির্মাতা কাজল আরেফিন অমি।

গত বৃহস্পতিবার থেকে শনিবার নাটকটির ৭৪, ৭৫, ৭৬তম পর্ব প্রচার হয়। শনিবার হুট করে ধ্রুব টিভি ও পরিচালক ঘোষণা দিলেন পরের তিন পর্ব বৃহস্পতিবার থেকে শনিবার নয়, রবি সোম ও মঙ্গলবার- এই তিন দিন প্রচার হবে। শুরু হবে সকাল ১০টায়। আগামী মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন একই সময়ে দেখা যাবে ব্যাচেলর পয়েন্ট নাটকের নতুন পর্বগুলো।

হুট করে নাটকটির সম্প্রচার সময় এগিয়ে আনার কারণ জানতে চাইলে নির্মাতা অমি বলেন, ‌দর্শকদের জন্য সারপ্রাইজ রয়েছে। বলতে পারেন এগিয়ে আনাটাও একটা সারপ্রাইজ।

তবে নাটকটিতে আর কী সারপ্রাইজ রয়েছে সেটা পরিষ্কার করেননি নির্মাতা। শুধু জানিয়েছেন, ক’দিনের মধ্যেই জানা যাবে এটা।

মোশন রকের ব্যানারে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিশু সাব্বির, মারজুক রাসেল, তৌসিফ মাহবুব, চাষি আলম, শামীম হাসান সরকার, জিয়াউল হক পলাশ, মুসাফির শোয়েব, সানজানা সরকার রিয়া, শিমুল প্রমুখ।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360