রবিবার থেকে খুলতে পারে শপিং মল, দোকানপাট! - Shera TV রবিবার থেকে খুলতে পারে শপিং মল, দোকানপাট! - Shera TV

রবিবার থেকে খুলতে পারে শপিং মল, দোকানপাট!

স্টাফ রিপোর্টার:
চলমান ‘লকডাউনের’ মেয়াদ আরো এক সপ্তাহ বাড়িয়ে ২৮ এপ্রিল পর্যন্ত করার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে নেওয়া এই সিদ্ধান্ত অনুমোদনের জন্য গতকাল সোমবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো হয়েছে। একই সঙ্গে শিগগিরই শপিং মল ও দোকানপাট খোলার বিষয়টিও সক্রিয়ভাবে বিবেচনা করছে সরকার। এ ছাড়া সীমিত আকারে অর্থনৈতিক কার্যাবলি চালুর বিষয়ে একাধিক জ্যেষ্ঠ সচিবও মত দিয়েছেন। বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে।

সরকারের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, আসছে ঈদ উপলক্ষে দোকান মালিক এবং কর্মচারীসহ সামগ্রিক অর্থনীতির বিষয়টি মাথায় রেখে আগামী রবিবারের দিকে দোকানপাট খুলে দেওয়া হতে পারে। তবে স্বাস্থ্যবিধি যাতে কঠোরভাবে মানা হয়, সেদিকে বিশেষ নজর রাখা হবে।

মন্ত্রিপরিষদসচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে উচ্চ পর্যায়ের ওই বৈঠক হয়। জানতে চাইলে মন্ত্রিপরিষদসচিব কালের কণ্ঠকে বলেন, বৈঠকে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত এলে জানতে পারবেন।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360