যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর কান কেটে দিল স্বামী - Shera TV যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর কান কেটে দিল স্বামী - Shera TV

যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর কান কেটে দিল স্বামী

অনলাইন ডেস্ক:

পটুয়াখালীতে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রী’র কান কেটে দিয়েছেন স্বামী মাহাবুব আলম। এ ঘটনায় গৃহবধূ ন্যায় বিচার পাওয়ার জন্য সোমবার বাউফল থানায় একটি এজাহার দাখিল করেছেন।

লিখিত অভিযোগে জানা গেছে, ৮ বছর আগে উপজেলার চন্দ্রদ্বিপ ইউনিয়নের চর দিয়ারা ৭ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ কালু হাওলাদারের ছেলে মোঃ মাহবুব আলমের সাথে বিয়ে হয় রাবেয়ার। পরে স্বামী মোঃ মাহাবুব স্ত্রীর কাছে যৌতুক দাবি করায় স্থানীয় মাপের ২১ কড়া জমি মাহবুবের নামে রেজিস্ট্রি করে দেন রাবেয়ার বাবা। এরপর কিছু দিন যেতে না যেতেই তার স্বামী পুনরায় ২ লাখ টাকা যৌতুক দাবি করেন। তিনি ওই টাকা দিতে অপরগতা প্রকাশ করলে তাকে শারীরিক ভাবে নির্যাতন করা হয়।

এ ঘটনা জানার পর তার বাবা ও বড় ভাই গত ২৪ এপ্রিল সকালে তার স্বামীর বাড়ি যায় এবং স্থানীয় লোকজন নিয়ে সালিস বৈঠক করেন। সালিস বৈঠক চলাকালে উত্তেজিত হয়ে তার স্বামীর নেতৃত্বে পরিবারের অন্যান্য লোকজন তাদের উপর হামলা করে। তাকে মারধর করে। একপর্যায়ে ধারালো দা দিয়ে তার বাম কান কেটে দেয় এবং ওই অবস্থায় তাকে সন্তানসহ তাড়িয়ে দেয়। পরে বা ও ভাইসহ স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে। এ বিষয়ে বাউফল থানার ওসি (তদন্ত) আল মামুন বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360