স্টাফ রিপোর্টার:
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দাসেরভারানী টহল ফাঁড়ির বনে বারো ঘন্টার ব্যবধানে আবারো আগুন জ্বলে উঠেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি টীম। এর আগে ৩ মে সকালে লাগা আগুন ত্রিশ ঘন্টা চেষ্টার পরে মঙ্গলবার সন্ধ্যায় নিভেছিলো।
শরণখোলা ফায়ার সার্ভিস ষ্টেশন কর্মকর্তা আ. সাত্তার ইত্তেফাককে জানান, গত দুই দিন আগে (৩ মে) শরণখোলা রেঞ্জের দাসেরভারানী টহল ফাঁড়ির বনে যেখানে আগুন লেগেছিলো সেখান থেকে আধা কিলোমিটার দক্ষিণে বুধবার (৫ মে) সকালে নতুন করে বনের বিস্তীর্ণ জায়গায় আগুন জ্বলে উঠেছে।
খবর পেয়ে বাগেরহাট, মোরেলগঞ্জ ও শরণখোলা ফায়ার ষ্টেশনের কর্মীরা বুধবার সকাল ১০টা থেকে দুইাট পাইপের সাহায্যে পানি দিয়ে আগুন নেভানোর কাজ করছেন। আগুন একদিকে নিভলেও অপর দিক থেকে নতুন করে দুই তিন ফুট উচ্চতায় আগুন জ্বলে উঠছে কিছু আগুন বড় গাছের শুকনো লতা বেয়ে গাছের উপরের দিকেও উঠে যাচ্ছে। নদী থেকে প্রায় দুই কিলোমিটার দুরে বনের মধ্যে পাইপের সাহায্যে পানি নিতে তাদের বেশ বেগ পেতে হচ্ছে আগুন প্রায় ৩ একর জায়গা নিয়ে ছড়িয়েছে এবং গত ৩ মে লাগা আগুনে প্রায় ৬ একর জায়গা পুড়েছে বলে ঐ ফায়ার ষ্টেশন কর্মকর্তা জানান।
সেরা টিভি/আকিব