এবারের মিস ইউনিভার্স হলেন যিনি - Shera TV এবারের মিস ইউনিভার্স হলেন যিনি - Shera TV

এবারের মিস ইউনিভার্স হলেন যিনি

সেরা এন্টারটেইনমেন্ট ডেস্ক:

এ বছর মিস ইউনিভার্স নির্বাচিত হয়েছেন মেক্সিকান তরুণী আন্দ্রে মেজা। ৭৩ জন দুরন্ত প্রতিযোগীর সঙ্গে কঠিন লড়াইয়ের পর শেষ পর্যন্ত বিশ্বসেরার মুকুট পরলেন তিনি। এ আয়োজনের ৬৯তম আসর বসেছিল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার সেমিনোল হার্ড রক হোটেল অ্যান্ড ক্যাসিনোতে। প্রায় তিন ঘণ্টা ধরে টেলিভিশনে সম্প্রচার করা হয় এই অনুষ্ঠান।

সাবেক মিস ইউনিভার্স দক্ষিণ আফ্রিকার জোজিবিনি তুনঝি আন্দ্রের মাথায় মুকুট পরিয়ে দেন। ভারতীয় প্রতিযোগী অ্যাডলিন ক্যাসেলিনো তৃতীয় রানার-আপ নির্বাচিত হয়েছেন। মিস ইউনিভার্সের টুইটার পেজে শেয়ার করা হয়েছে অনুষ্ঠানের ঝলক। আন্দ্রেকে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন বিশ্বের বিনোদনপ্রেমীরা।

ইতোমধ্যেই মিস ইউনিভার্স ২০১৫ পিয়া আলোনজো ওয়ার্টসবাচ আন্দ্রেকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন। তিনি লিখেছেন, ‘শুভেচ্ছা মেজা! আমাদের নতুন মিস ইউনিভার্স, তোমার নতুন জার্নিটা দেখার জন্য অপেক্ষা ধরে রাখতে পারছি না। শুভেচ্ছা মেক্সিকো।’

আন্দ্রের পুরো নাম আলমা আন্দ্রে মেজা কারমোনা। ২৬ বছরের এই তরুণীর জন্ম মেক্সিকোর চিহুয়াহুয়া শহরে। ৩ বোনের মধ্যে বড় আন্দ্রে। স্কুলের গণ্ডি পেরুনোর পর চিহুয়াহুয়া বিশ্ববিদ্যালয় থেকেই সফটওয়্যার ইঞ্জিনিয়ার হন তিনি। ২০১৭ সালে ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি অর্জন করে মেক্সিকোর একটি সংস্থায় কাজে যোগ দিয়েছিলেন তিনি।

এরও ১ বছর আগে থেকে মডেলিং করতে শুরু করেছিলেন আন্দ্রে। ২০১৬ সালে মিস ওয়ার্ল্ড মেক্সিকোর প্রতিযোগী হিসাবে নির্বাচিত হন তিনি। ওই বছর মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় শেষ পাঁচে পৌঁছেছিলেন তিনি।

মেক্সিকো এ বছরের বিজয়ী মিলিয়ে মোট তিনবার মিস ইউনিভার্সের খেতাব জিতে নিল। এর আগে ১৯৯১ সালে লুপিটা জোনস এবং ২০১০ সালে জিমেনা নাভাররেতে মিস ইউনিভার্স হয়েছিলেন। এবারের প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন মিস ব্রাজিল জুলিয়া গামা এবং তৃতীয় হয়েছেন মিস পেরু জ্যানিক মাসেতা দেল কাসিলো।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360