দেশের অভ্যন্তরীন রুটে নৌ চলাচল শুরু - Shera TV দেশের অভ্যন্তরীন রুটে নৌ চলাচল শুরু - Shera TV

দেশের অভ্যন্তরীন রুটে নৌ চলাচল শুরু

স্টাফ রিপোর্টার:
ঘূর্ণিঝড় ইয়াসের কারণে বন্ধ থাকার পর দেশের আবহাওয়া স্বাভাবিক হওয়ায় সব ধরনের নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বিআইডব্লিউটিএ। শুক্রবার (২৮ মে) সকাল সাড়ে ৯টা থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর লঞ্চ চলাচল শুরু হয়। এরআগে, বৃহস্পতিবার (২৭ মে) নদীতে দুই ইঞ্জিনের লঞ্চ চলাচলের অনুমতি দিয়েছিল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। আজ অন্যসব নৌযান চলাচলেরও অনুমতি মিললো।

ঢাকা নদী বন্দরের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম পরিচালক জয়নাল আবেদীন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ঘূর্ণিঝড় ইয়াস পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় নৌ চলাচল শুরু হয়েছে। সকাল সাড়ে ৯টার পর থেকে দেশের অভ্যন্তরীণ সব রুটে লঞ্চ চলাচল শুরু হয়।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২৫ মে) বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ইয়াস’ ভারতের উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলের দিকে ধেয়ে যাওয়ায় বাংলাদেশের উপকূলীয় এলাকায় বৈরি আবহাওয়ার সৃষ্টি হয়। ওইদিন দুপুর থেকে অভ্যন্তরীণ রুটে সব ধরনের নৌযান চালাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিএ।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360