রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আট হাত-পা নিয়ে জন্ম নেওয়া শিশু - Shera TV রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আট হাত-পা নিয়ে জন্ম নেওয়া শিশু - Shera TV

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আট হাত-পা নিয়ে জন্ম নেওয়া শিশু

অনলাইন ডেস্ক:

দিনাজপুরের বীরগঞ্জে আট হাত-পা নিয়ে জন্ম নেওয়া সেই শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার (৪ জুন) ভোরে দিনাজপুরের খানসামা রোডে বীরগঞ্জ ক্লিনিকে স্বাভাবিকভাবে শিশুটির জন্ম হয়। কাহারোল উপজেলার রামপুর গ্রামের গোলাম রাব্বানীর স্ত্রী শিশুটিকে জন্ম দেন।

শনিবার (৫ জুন) সন্ধ্যার পর শিশুটির বাবা গোলাম রাব্বানী রাইজিংবিডিকে বলেন, ‘শুক্রবার ভোরে স্বাভাবিকভাবে জন্ম নেয় শিশুটি। সে অন্যদের চেয়ে একটু আলাদা। উন্নত চিকিৎসার জন্য গতকাল সন্ধ্যায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এসেছি। চিকিৎসকরা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করতে দিয়েছেন। আগামীকাল সব রিপোর্ট পাব। এখন পর্যন্ত আমার ছেলেটি ভাল আছে। সে মায়ের বুকের দুধ খাচ্ছে।’

গোলাম রাব্বানী আরও বলেন, ‘আমার ৬ বছরের একটি মেয়ে আছে। সে সুস্থ-স্বাভাবিক। আল্লাহ আমাকে একটি ছেলে দিয়েছেন। তার চারটি হাত এবং চারটি পা। তবু আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। সন্তানের চিকিৎসার জন্য সরকারের নিকট সাহায্য চাচ্ছি।’

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা মহসিন আলী বলেন, ‘গতকাল বীরগঞ্জ ক্লিনিকে জন্ম নেওয়া আট হাত-পা বিশিষ্ট শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটিকে বাঁচানো সম্ভব কি না সে বিষয়ে বিশেষজ্ঞরা চিকিৎসকরা বলতে পারবেন।’

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360