উদ্ধার হল ফিলিপিন্সে বিধ্বস্ত বিমানের ব্ল্যাকবক্স - Shera TV উদ্ধার হল ফিলিপিন্সে বিধ্বস্ত বিমানের ব্ল্যাকবক্স - Shera TV

উদ্ধার হল ফিলিপিন্সে বিধ্বস্ত বিমানের ব্ল্যাকবক্স

ইন্টারন্যাশনাল ডেস্ক:

ফিলিপিন্সে বিমানবাহিনীর একটি বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত ৫২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। এ ছাড়া দেশটির সেনাপ্রধান সিরিলিতো সোবেজানা মঙ্গলবার (৬ জুলাই) জানান, সোমবার (৫ জুলাই) দুর্ঘটনাস্থল থেকে ব্ল্যাকবক্স উদ্ধার করা হয়েছে।

রয়টার্সকে তিনি বলেন, ‘যারা এই দুর্ঘটনায় প্রাণে বেঁচে গেছেন আমি তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছে দুর্ঘটনা ঘটার আগে বিমানটি দুই থেকে তিনবার ঝাঁকি খেয়ে নিচের দিকে জোরে নেমে যাচ্ছিল। এ সময় পাইলট অনেক চেষ্টা করেছিলেন বিমানটি উপরের দিকে তুলতে, তবে অনেক দেরি হয়ে গিয়েছিল।

ফিলিপাইনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিহত ব্যক্তিদের প্রায় সবাই সেনাসদস্য। এ ছাড়া উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার সময় তিনজন সাধারণ মানুষ নিহত হয়েছেন। বিধ্বস্ত হওয়ার আগে উড়োজাহাজের অনেক যাত্রী লাফ দিয়ে বাঁচার চেষ্টা করেন বলে দাবি করেছেন অনেক প্রত্যক্ষদর্শী। তবে এমন কিছুই ঘটেনি বলে জানিয়েছেন সিরিলিতো সোবেজানা। তিনি বলেন, ভেঙে পড়ার পর উড়োজাহাজটির সামনের অংশ দ্বিখণ্ডিত হয়ে যায়।

গত রোববার বেলা সাড়ে ১১টার দিকে সুলু প্রদেশের জোলো শহরের কাছে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৫২ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও অনেকে। বিধ্বস্ত সি-১৩০ হারকিউলিস মডেলের ওই পরিবহন উড়োজাহাজটিতে ৯৬ জন আরোহী ছিলেন। ৩০ বছরের মধ্যে ফিলিপাইনে এটি সবচেয়ে ভয়াবহ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনা।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360