১ সপ্তাহ শিথিল হতে পারে লকডাউন - Shera TV ১ সপ্তাহ শিথিল হতে পারে লকডাউন - Shera TV

১ সপ্তাহ শিথিল হতে পারে লকডাউন

স্টাফ রিপোর্টার:

দেশজুড়ে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে না এলেও আগামী বৃহস্পতিবার থেকে ঈদ পর্যন্ত চলমান কঠোর বিধিনিষেধ শিথিল হতে পারে। সে ক্ষেত্রে আগামী ২৩ জুলাই থেকে কঠোর লকডাউন আবার শুরু হবে। কর্মহীন মানুষের জীবন-জীবিকার প্রয়োজনে ও ঈদে মানুষের গ্রামে যাতায়াতের সুবিধার জন্য এমন সিদ্ধান্ত নিতে পারে সরকার। কারণ, ঈদুল ফিতরে লকডাউন শিথিল না করার পরও স্বাস্থ্যবিধি উপেক্ষা করে লাখ লাখ মানুষ ঢাকা ছাড়ে। আসছে ঈদে ঘরমুখো মানুষের যাতায়াতের সুবিধার জন্য স্বাস্থ্যবিধি মেনে যানবাহন চলাচলের অনুমতি দেওয়ার চিন্তা চলছে। একই সঙ্গে শপিংমল, দোকানপাটসহ সবকিছু স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা যাবে। এদিকে, কোরবানির পশু ক্রয়-বিক্রয় ও অফিস-আদালতের কার্যক্রম অনলাইনে চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্নিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

বর্তমান করোনা পরিস্থিতি পর্যালোচনার বিষয়ে গত শনিবার মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে অনলাইনে আন্তঃমন্ত্রণালয় ও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউসসহ সংশ্নিষ্ট মন্ত্রণালয়ের সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশ মহাপরিদর্শক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রতিটি বিভাগের বিভাগীয় কমিশনার ও ডিআইজিরা যুক্ত ছিলেন।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ) শেখ রফিকুল ইসলাম বলেন, চলমান বিধিনিষেধ ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত শিথিল হতে পারে। এর ফলে গত ঈদের মতো চলাচলে এবার সমস্যা হবে না। এরপর ২৩ জুলাই থেকে লকডাউন আবারও কঠোর করা হবে। কীভাবে শিথিল হবে, এটা এখনও চূড়ান্ত হয়নি। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে। তখন বিস্তারিত জানা যাবে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360