বাড়ল ব্যাংক লেনদেনের সময় - Shera TV বাড়ল ব্যাংক লেনদেনের সময় - Shera TV

বাড়ল ব্যাংক লেনদেনের সময়

স্টাফ রিপোর্টার:

করোনাভাইরাসের বিস্তার রোধে বিধিনিষেধের মধ্যে ব্যাংকিং কার্যক্রম অব্যাহত রাখতে আগামী ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ব্যাংকিং সময়সূচিতে তিন ধরনের পরিবর্তন এনেছে কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার (১৩ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অব সাইট সুপারভিশনের মহাব্যবস্থাপক মো, আনোয়ারুল ইসলাম এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে ব্যাংকগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছেন।

জানা গেছে, কোরবানি ঈদকে সামনে রেখে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখতে ইতিমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি সার্কুলার জারি হয়েছে। সে পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী আগামী ১৫, ১৮ ও ১৯ জুলাই ব্যাংকিং লেনদেন সময়সূচি হবে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। এছাড়া লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য সন্ধ্যা ৬টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, ঈদের আগে তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের রপ্তানি বিল বিক্রি এবং পোশাক কারখানায় কর্মরত শ্রমিক-কর্মকর্তা-কর্মচারীদের বেতন-বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাসমূহে ১৭ ও ২০ জুলাই সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত লেনদেন চলবে। লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম চলবে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত। এক্ষেত্রে ওইসব শাখায় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত এবং মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে নিশ্চিত করতে বলা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় ২৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত (সাপ্তাহিক ছুটির দিন ছাড়া) বিধিনিষেধ চলাকালে সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ব্যাংক লেনদেন চলবে। লেনদেন পরবর্তী আনুষাঙ্গিক কার্যক্রম চলবে বিকাল ৩টা পর্যন্ত।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360