পরী-হেলেনাদের মামলার তদন্ত করতে চায় র‍্যাব - Shera TV পরী-হেলেনাদের মামলার তদন্ত করতে চায় র‍্যাব - Shera TV

পরী-হেলেনাদের মামলার তদন্ত করতে চায় র‍্যাব

স্টাফ রিপোর্টার:

আওয়ামী লীগের উপ-কমিটি থেকে বহিষ্কারের পর গ্রেফতার হেলেনা জাহাঙ্গীর এবং চিত্রনায়িকা পরীমনি ও প্রযোজক নজরুল ইসলাম রাজসহ সাতজনের বিরুদ্ধে করা ১০ মামলার তদন্তের দায়িত্ব চেয়ে পুলিশ সদরদফতরে চিঠি দিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার (৯ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, সম্প্রতি র‍্যাবের অভিযানে গ্রেফতার হেলেনা জাহাঙ্গীর, শরফুল হাসান ওরফে মিশু হাসান, মাসুদুল ইসলাম ওরফে জিসান, চিত্রনায়িকা পরীমণি ও তার ম্যানেজার সবুজসহ গ্রেফতার প্রযোজক নজরুল ইসলাম রাজ, পরীমণির কথিত মামা ও সহযোগী আশরাফুল ইসলাম দীপুর বিরুদ্ধে দায়ের করা ১০ মামলার তদন্তের দায়িত্ব চেয়ে পুলিশ সদর দফতরে চিঠি দেওয়া হয়েছে। পুলিশ সদর দফতরের অনুমতি মিললে মামলাগুলো র‌্যাব দ্রুততা ও গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে।

র‌্যাব জানায়, গত ৪ আগস্ট বিকেল থেকে রাত পর্যন্ত অভিযানে চিত্রনায়িকা পরীমণির বনানীর বাসা থেকে ১৯টি বিদেশি মদের বোতল, দেড় শতাধিক ব্যবহৃত মদের বোতল, ইয়াবা ও শিশা সামগ্রী, ভয়ঙ্কর মাদক এলএসডি (লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাইড) ও আইস জব্দ করা হয়। ওই রাতেই প্রযোজক নজরুল ইসলাম রাজের বনানীর অফিস থেকে ইয়াবা ও মদ জব্দ করা হয় বলে র‌্যাব জানায়।

এ অভিযানের আগে ২৯ জুলাই রাতে হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় অভিযান চালায় র‍্যাব। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বিশেষ ক্ষমতা আইন, ডিজিটাল নিরাপত্তা আইন, টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, বন্য প্রাণী নিয়ন্ত্রণ আইন ও প্রতারণার অভিযোগে ছয়টি মামলা হয়।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360