দ্বিতীয় বিয়ের খবর প্রকাশ্যে আনলেন নিলয় আলমগীর - Shera TV দ্বিতীয় বিয়ের খবর প্রকাশ্যে আনলেন নিলয় আলমগীর - Shera TV

দ্বিতীয় বিয়ের খবর প্রকাশ্যে আনলেন নিলয় আলমগীর

সেরা এন্টারটেইনমেন্ট ডেস্ক:

দ্বিতীয় বিয়েটা সেরে ফেললেন ছোটপর্দার সুপরিচিত অভিনেতা নিলয় আলমগীর। তাও এক মাসেরও বেশি সময় আগে। অথচ সেই খবর প্রকাশ করলেন বুধবার। এদিন অভিনেতা বিয়ের বিষয়টি ফেসবুকে হালনাগাদ করলেও তার বিয়ে সম্পন্ন হয়েছে গত ৭ জুলাই।

অভিনেতার নয়া বউয়ের নাম তাসনুভা তাবাসসুম হৃদি। তিনি ঢাকা গার্হস্থ অর্থনীতি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি সমাজসেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠনের গণ যোগাযোগের দায়িত্ব পালন করেন। তবে হৃদির সঙ্গে নিলয়ের পরিচয় বা সম্পর্ক কীভাবে শুরু, তা বলেননি অভিনেতা।

ছোট ও বড় পর্দার অভিনেতা নিলয়ের এটি দ্বিতীয় বিয়ে। এর আগে ২০১৬ সালে তিনি জনপ্রিয় মডেল-অভিনেত্রী আনিকা কবির শখকে বিয়ে করেন। দীর্ঘ পাঁচ বছর সম্পর্কে থাকার পর সংসার পেতেছিলেন তারা। কিন্তু সেই সংসার টিকেছিল মাত্র কয়েক মাস। ২০১৭ সালে ডিভোর্স হয় শখ-নিলয়ের।

এরপর দীর্ঘ দিন একা থাকার পর ২০২০ সালের ১২ মে ফের বিয়ে করেন অভিনেত্রী আনিকা কবির শখ। সেই খবর প্রকাশ পায় চলতি বছরের শুরুতে। তার স্বামীর নাম রহমান জন। তিনি পেশায় একজন ব্যবসায়ী। বহুদিন ধরে ওই ব্যবসায়ীর সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন শখ।

অভিনেত্রীর শ্বশুরবাড়ি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বলিয়াদি গ্রামে। তারা বর্তমানে রাজধানীর উত্তরায় থাকছেন। সাবেক স্ত্রীর পর এবার নিলয়ও তার দ্বিতীয় বিয়েটা সেরে নিলেন। ফেসবুকে বিয়ের বিষয়টি হালনাগাদ করার পর বহু অভিনয়শিল্পী নিলয়কে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360