বিদিশার ছেলে নন এরিক এরশাদ! - Shera TV বিদিশার ছেলে নন এরিক এরশাদ! - Shera TV

বিদিশার ছেলে নন এরিক এরশাদ!

স্টাফ রিপোর্টার:

শাহাতা জারাব এরশাদ (এরিক) সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকের সন্তান নন মর্মে ঘোষণা করতে ঢাকা জেলা জজ আদালতে একটি মামলার আর্জি জানিয়েছেন জাতীয় পার্টির সাবেক হুইপ এইচ.এম গোলাম রেজা এবং তার স্ত্রী জিন্নাতুন নাহার শিমু। বিদিশা ও এরিকসহ ১২ জনকে বিবাদী করা হয়েছে।

সোমবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে এই মামলাটির আর্জি জানানো হয়। ওই আদালতের ভারপ্রাপ্ত বিচারক কাজী মুশফিক মাহবুব রবিন আাগামী ৬ সেপ্টেম্বর মামলার গ্রহণযোগ্যতার শুনানির দিন ঠিক করেছেন। সংশ্লিষ্ট আদালতের সেরেস্তাদার শাহাদাত হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

অপর বিবাদীরা হলেন-এরিক ওয়েন হুইসন, আরমান এরশাদ, এরিক এরশাদ, সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, মহাপুলিশ পরিদর্শক (আইজিপি), অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, উপপুলিশ কমিশনার, স্পেশাল ব্রাঞ্চের এমিগ্রেশন পুলিশ সুপার (এস.এম) ও গুলশান থানার অফিসার ইনচার্জ।

মামলায় বলা হয়, ২০২০ সালের ২১ আগস্ট ১নং বিবাদী বিদিশা সিদ্দিক সাবেক স্বামী এইচ এম এরশাদের নিষেধাজ্ঞা অমান্য ও অবজ্ঞা করে প্রেসিডেন্ট পার্কের বাসায় উঠেন এবং ২নং বিবাদী শাহাতা জারাব এরশাদ (এরিক)কে নিজের গর্ভজাত সন্তান হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন। বাদী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছেন। ১নং বিবাদী বিদিশা সিদ্দিক বারিধারার প্রেসিডেন্ট পার্কের ফ্ল্যাটটি তার কথিত ছেলে ২নং বিবাদী শাহাতা জারাব এরশাদ (এরিক) মর্মে দাবি করছেন এবং গত ৭ জুন ফ্ল্যাটটি বাদীকে খালি করে দেওয়ার জন্য বলেছেন।

মামলায় বলা হয়, এরশাদের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর বিদিশা এক মামলার জবানবন্দিতে স্বীকার করেছিলেন যে, তিনি শাহতা জারাব এরিকের মা নন। সন্তান চুরি করে বিদিশা এরশাদের সঙ্গে প্রতারণা করছেন, এই মর্মে বাদী অভিযোগ করেন।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360