কলেজছাত্রী মুনিয়া ধর্ষণ ও হত্যা মামলায় দুই দিনের রিমান্ডে মডেল পিয়াসা - Shera TV কলেজছাত্রী মুনিয়া ধর্ষণ ও হত্যা মামলায় দুই দিনের রিমান্ডে মডেল পিয়াসা - Shera TV

কলেজছাত্রী মুনিয়া ধর্ষণ ও হত্যা মামলায় দুই দিনের রিমান্ডে মডেল পিয়াসা

অনলাইন ডেস্ক:

কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়াকে ধর্ষণ ও হত্যার অভিযোগে করা মামলায় মডেল ফারিয়া মাহবুব পিয়াসাকে জিজ্ঞাসাবাদের জন্য দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এই আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক গোলাম মুক্তার আশরাফ উদ্দিন ৭ দিনের রিমান্ড চেয়েছিলেন। তবে গতকাল আসামির উপস্থিতিতে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসী দুইদিন মঞ্জুর করেন বলে গুলশান থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (নারী-শিশু) স্বপন কুমার মণ্ডল জানান। শুনানিতে পিয়াসার পক্ষে আইনজীবী সোহরাব হোসেন রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে তার বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত পিয়াসার দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৬শে এপ্রিল সন্ধ্যায় গুলশানের ১২০ নম্বর সড়কের ১৯ নম্বর বাসার একটি ফ্ল্যাট থেকে কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। গত ৬ই সেপ্টেম্বর ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ আদালতে মোসারাতের বোন নুসরাত জাহান বাদী হয়ে ধর্ষণ ও হত্যা মামলার আবেদন করেন। আদালত মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন। এ মামলায় মডেল ফারিয়া মাহবুব পিয়াসাসহ ৮ জনকে আসামি করা হয়। মডেল পিয়াসা মাদক মামলায় আগে থেকে কারাগারে আছেন। তাকে মুনিয়া হত্যা মামলায় গ্রেপ্তার দেখায় পিবিআই।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360