অনলাইন ডেস্ক:
বাহরাইন ভ্রমণে বাংলাদেশের ওপরে থাকা নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। রোববার থেকে কার্যকর হতে যাচ্ছে দেশটির এমন সিদ্ধান্ত। বৃহস্পতিবারই এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে বাহরাইনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এতে বাংলাদেশসহ বিশ্বের মোট ১১ দেশকে লাল তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। এছাড়া আরো বাদ দেয়া হয়েছে, ইন্দোনেশিয়া, মিয়ানমার, জর্জিয়া, নামিবিয়া, দক্ষিণ আফ্রিকা, উগান্ডা, জিম্বাবুয়ে, মোজাম্বিক, মালওয়ি এবং ইকুয়েডরকে। তবে নতুন করে লাল তালিকায় যুক্ত করা হয়েছে রোমানিয়াকে। সব মিলিয়ে এখন ১৬টি দেশ বাহরাইনের লাল তালিকায় রয়েছে।
মূলত যেসব দেশে কোভিড পরিস্থিতির উন্নতি হয়েছে সেসব দেশের উপর থেকেই বাহরাইন নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। বাহরাইন সরকারের এমন সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম।
শুক্রবার করা এক টুইটে তিনি এ সুখবর দেন। এতে তিনি লাল তালিকা থেকে বাংলাদেশের নাম বাদ দেয়ায় দেশটির সরকারকে ধন্যবাদ দিয়েছেন। বাহরাইন সরকারের এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশসহ ওই ১১টি দেশের নাগরিকদের ১০ অক্টোবর থেকে সে ভ্রমণে আর কোনো নিষেধাজ্ঞা থাকবে না। লাল তালিকায় অন্তর্ভুক্ত থাকায় বাংলাদেশি শ্রমিকদের বাহরাইনে যাওয়া বন্ধ ছিল।
গালফ নিউজের খবরে জানানো হয়েছে, গত আগস্ট মাসে ভারত, পাকিস্তান, পানামা ও ডোমিনিকান রিপাবলিককে লাল তালিকা থেকে বাদ দিয়েছিল বাহরাইন। যেসব দেশ লাল তালিকায় থাকছে না সেসব দেশ থেকে বাহরাইন প্রবেশে কোনো পিসিআর পরীক্ষার প্রয়োজন পড়বে না। তবে তাদের অবশ্যই স্বীকৃত ভ্যাকসিন সার্টিফিকেট থাকতে হবে। অপরদিকে লাল তালিকায় থাকা দেশগুলোতে দুই সপ্তাহের মধ্যে ট্রানজিট করলেও বাহরাইনে প্রবেশ নিষিদ্ধ। তবে বাহরাইনের নাগরিকদের জন্য কোনো প্রবেশ নিষেধাজ্ঞা নেই।
সেরা টিভি/আকিব