ইকবাল এতদিন কোথায় ছিলো? কারা তাকে সেখানে নিলো? - Shera TV ইকবাল এতদিন কোথায় ছিলো? কারা তাকে সেখানে নিলো? - Shera TV

ইকবাল এতদিন কোথায় ছিলো? কারা তাকে সেখানে নিলো?

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার পূজামন্ডপের ঘটনায় গ্রেফতার হওয়া যুবক ইকবাল হোসেন এতোদিন কোথায় ছিলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘সরকারের মদদ ছাড়া কখনো সাম্প্রদায়িক সমস্যা তৈরি হয় না। এখন ইকবাল নামে একজন অপ্রকৃতিস্থ এবং মাদকসেবীকে ধরা হয়েছে। ইকবাল এতদিন কোথায় ছিলো? কারা তাকে সেখানে নিলো? এই প্রশ্ন জাতির।’

আজ শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ের মিলনায়তনে ২০ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ লেবার পার্টি তার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ফখরুল আরও বলেন, সরকার একেক সময়ে একেকটা বিভাজন তৈরি করছে। সেই বিভাজনকে তারা একেক সময় সামনে নিয়ে আসে। তারা স্বাধীনতার স্বপক্ষের শক্তি, বিপক্ষের শক্তি, গণতন্ত্রের পক্ষে শক্তি, বিপক্ষের শক্তি নিয়ে ইস্যু তৈরি করে। এখন তারা ধর্মীয় বিভাজনে নেমে পড়েছে। দেশের হাজারও সমস্যাগুলোর দৃষ্টিকে ভিন্নদিকে ফেরাতেই এই অপতৎপরতা চালাচ্ছে সরকার।

সংগঠনের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জহুরা খাতুন জুঁইয়ের সঞ্চালনায় সভায় জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদ, এনপিপির ড. ফরিদুজ্জামান ফরহাদ, এলডিপির একাংশের শাহাদাত হোসেন সেলিম, জাতীয় পার্টি (কাজী জাফর) আহসান হাবিব লিংকন, জাগপার একাংশের খন্দকার লুতফুর রহমান, মুসলিম লীগের শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা প্রমুখ বক্তব্য দেন।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360