পরিচয় মিলেছে নটরডেম শিক্ষার্থীকে চাপা দেওয়া সেই গাড়ি চালকের - Shera TV পরিচয় মিলেছে নটরডেম শিক্ষার্থীকে চাপা দেওয়া সেই গাড়ি চালকের - Shera TV

পরিচয় মিলেছে নটরডেম শিক্ষার্থীকে চাপা দেওয়া সেই গাড়ি চালকের

স্টাফ রিপোর্টার:

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের যে ময়লার গাড়িটি নটর ডেম কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী নাঈম হাসানকে (১৭) চাপা দেয়, সেটি চালাচ্ছিলেন রাসেল খান। তিনি সিটি করপোরেশনের চালক নন। তবে, টাকার বিনিময়ে গাড়িটি চালাচ্ছিলেন। গতকাল বুধবার দুপুরে রাজধানীর গুলিস্তানের ঘটনাস্থল থেকে রাসেলকে গ্রেপ্তার করা হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে এসব তথ্য জানান পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন মিয়া। ওসি বলেন, ‘টাকার বিনিময়ে রাসেল খান ময়লা আনতে সায়েদাবাদ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছিলেন। তিনি সিটি করপোরেশনের কেউ নন।’ তবে, গাড়িটির মূল চালক হারুন অর রশিদ পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

রাসেল খানকে গ্রেপ্তারের বিষয়টি গতকাল বুধবার দুর্ঘটনাটি ঘটনার পর এ প্রতিবেদককে জানিয়েছিলেন গুলিস্তানে অবস্থিত সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ওবায়দুর রহমান। তিনি বলেছিলেন, ‘গাড়িটি চালাচ্ছিলেন রাসেল খান। নাঈমকে চাপা দেওয়ার সময়ই রাসেলকে গ্রেপ্তার করা হয়। সে সময় ময়লার গাড়িটিও জব্দ করা হয়।’

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360