মাঝরাতে রাজধানীতে ব্যাবসায়ী-শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ - Shera TV মাঝরাতে রাজধানীতে ব্যাবসায়ী-শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ - Shera TV

মাঝরাতে রাজধানীতে ব্যাবসায়ী-শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। উভয়পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে সেখানে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।

মঙ্গলবার (১৯শে এপ্রিল) রাত ১২টার দিকে উত্তপ্ত এ পরিস্থিতির সৃষ্টি হয়। সংঘর্ষের কারণ এখনও জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পাঁচ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করেছে।

শিক্ষার্থীরা জানান, ঢাকা কলেজের মাস্টার্সের দুই শিক্ষার্থী রাত ১২টার দিকে নিউমার্কেটে কেনাকাটা করতে যান। কেনাকাটা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাত করা হয়েছে, এমন খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে নিউমার্কেট এলাকায় যান ঢাকা কলেজের একদল শিক্ষার্থী। পরে ব্যবসায়ী ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

তবে আহত দুই শিক্ষার্থীর নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে। ঘটনার জেরে মিরপুর রোডের যান চলাচল বন্ধ রয়েছে। চন্দ্রিমা সুপার মার্কেটের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।

এ বিষয়ে জানতে চাইলে নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) রুমী কাবরেজ বলেন, ‘ঢাকা কলেজের কিছু শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সেখানে সংঘর্ষ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।’

তিনি বলেন, ‘ঘটনাস্থলে আমাদের সিনিয়র অফিসার এবং থানার পেট্রোল পার্টি অবস্থান নিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।’

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360