নেপচুনে দুই চাঁদের নাচানাচি! - Shera TV নেপচুনে দুই চাঁদের নাচানাচি! - Shera TV

নেপচুনে দুই চাঁদের নাচানাচি!

সৌরজগত নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। মহাকাশ বিজ্ঞানীরাও প্রতি নিয়ত গবেষণা করে যাচ্ছেন মহাকাশ নিয়ে। সেই সূত্র ধরেই জানা গেল অবাক করা ঘটনা ঘটে চলেছে আমাদের সৌরমণ্ডলে। একটি নয়, দু-দুটো চাঁদ নাচানাচি করে চলেছে সৌরমণ্ডলের অনেক অনেক দূরে থাকা ‘বরফের রাজ্য’ গ্রহ নেপচুনে।

একটির নাম ‘নাইয়াদ’। অন্যটি ‘থালাসা’। এমন ঘটনা এর আগে অন্য কোনো সৌরমণ্ডলেও দেখা যায়নি। চাঁদের এই নাচানাচির খবর বেরিয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান-সাময়িকী ‘আইকারাস’-এ।নেপচুনের এখন পর্যন্ত আবিষ্কৃত ১৪টি চাঁদের মধ্যে সাতটি রয়েছে খুব কাছে। তাদের মধ্যে সবচেয়ে কাছে আছে দুটি চাঁদ। নাইয়াদ আর থালাসা।

নাইয়াদ আছে সবচেয়ে কাছে। নেপচুনকে প্রদক্ষিণ করতে সময় নেয় সাত ঘণ্টা।
আর থালাসা সময় নেয় সাড়ে সাত ঘণ্টা। কক্ষপথে নেপচুনকে প্রদক্ষিণের সময় নাইয়াদ আর থালাসার মধ্যে দূরত্ব থাকে গড়ে এক হাজার ৮০০ কিলোমিটারের মতো।

নাসার জেট প্রপালসান ল্যাবরেটরির সিনিয়র রিসার্চ সায়েন্টিস্ট গৌতম চট্টোপাধ্যায় বলেছেন, ‘এটি খুবই অভিনব ঘটনা। সৌরমণ্ডলের অন্য কোথাও চাঁদের নাচানাচি এখনো পর্যন্ত দেখা যায়নি। ’

গৌতম জানাচ্ছেন, দুটি চাঁদ খুব কাছ থেকে নেপচুনকে প্রদক্ষিণ করছে। দুটি চাঁদের মধ্যে দূরত্ব খুব কম। তাই নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি এড়াতে ওরা ওভাবে ঘুরছে। নেপচুনের অভিকর্ষ বল দুটি চাঁদকে ওই ভাবেই ঘোরাচ্ছে।

নাসার গবেষকরা জানিয়েছেন, থালাসা থেকে দেখলে মনে হবে নাইয়াদ তাকে নিচ দিয়ে দুবার পাক মারছে দিনে। আবার ওপর দিয়েও পাক মারছে দুবার।

গবেষণাপত্রে বিজ্ঞানীরা লিখেছেন, সম্ভবত নেপচুনের সবচেয়ে বড় চাঁদ ‘ট্রাইটন’-এর জন্মের সময়েই ওই দুটি ছোট চাঁদের জন্ম হয়েছিল। সূত্র : আনন্দবাজার পত্রিকা।

Developed BY: Shera Digital 360