ভয় পেয়েছেন পূজা - Shera TV ভয় পেয়েছেন পূজা - Shera TV

ভয় পেয়েছেন পূজা

বিনোদন ডেস্ক:
শিশুশিল্পী হিসেবে কাজের পর পূজা চেরি নায়িকা হিসেবে অভিনয় শুরু করেন। তার অভিনীত চারটি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সামনে মুক্তি পাবে ‘জ্বীন’ ছবিটি। এ ছাড়া নতুন সিনেমার কাজ নিয়েও কথা হলো তার সঙ্গে।
‘জ্বীন’ ছবিটি ১৩ই মার্চ মুক্তির কথা রয়েছে। ছবিটি নিয়ে প্রত্যাশা কেমন?
ভিন্ন স্বাদের সিনেমা এটি। হরর-থ্রিলার মুভিতে প্রথম কাজ করলাম। কোনো কোনো সময় শুটিং করতে গিয়ে নিজেই ভয় পেয়েছি।

এই ধরনের সিনেমা আগে বাংলাদেশে সম্ভবত হয়নি। প্রেক্ষাগৃহে ছবিটি দেখতে বসে অনেক দর্শকই শিউরে উঠতে পারেন। নাদের চৌধুরীর পরিচালনায় এ সিনেমায় আমি সজল ভাইয়ের বিপরীতে অভিনয় করেছি। এ ছাড়া রোশান ও মুন অভিনয় করেছেন। ছবিটি প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া।

ছবিতে আপনার চরিত্রটি কেমন?
বিষয়টি জানাতে চাই না। তবে এখানে আমি সাধারণ একটি মেয়ের চরিত্রে অভিনয় করেছি। আমার সত্যিকারের চেহারাই ছবিতে দেখা যাবে। আমার ওপর জ্বীন ভর করে। এরপর ঘটতে থাকে নানা ঘটনা।

‘শান’ ছবির কাজ কি শেষ?
এম রাহিম পরিচালিত ‘শান’ ছবির কাজ শেষ করেছি। ছবিতে একজন গায়িকার চরিত্রে অভিনয় করেছি। বিশাল মঞ্চে গানও করেছি। কাহিনীটাও ভিন্ন ধাঁচের। ছবিতে আমার নায়ক সিয়াম।

‘সাইকো’ সিনেমার কাজ কত দূর?
অনন্য মামুনের পরিচালনায় ‘সাইকো’ ছবির কাজ শেষ করেছি। এ ছবিতে দর্শকরা বিশেষ একটি গানেও আমাকে দেখতে পাবেন। ডাবিং শুরু হবে শিগগিরই। এ ছবিতে আমার নায়ক রোশান।

এখন কি নিয়ে ব্যস্ততা আপনার ?
এটা সিক্রেটই থাক। বলা যাবে না এখন।

অনেক তারকা অভিনয়শিল্পীকে সিনেমার কাজের বাইরে স্টেজ পারফরমেন্সে দেখা গেলেও আপনাকে তেমন দেখা যায় না কেন?
আমাকে কাজের বাইরে পড়াশোনা করতে হয়। তাই পড়াশোনা, শুটিং-এতকিছু করার পর আর তেমন সময় করে উঠতে পারি না। সামনে এইচ এস সি পরীক্ষা দেবো আমি।

বিজ্ঞাপনে কাজ কি করা হচ্ছে?
খুব শিগগিরই একটি নতুন বিজ্ঞাপনে দর্শকরা আমাকে দেখতে পাবেন।

প্রযোজক বা নায়কের সঙ্গে ভালো সম্পর্ক থাকলে কি কাজ পেতে সহজ হয় বলে মনে করেন?
একদমই না। নিজের যোগ্যতা থাকলে কাজ সহজে পাওয়া যায়।

 

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360