নিজস্ব প্রতিবেদক:
প্রেমের সম্পর্কের কারণে বাংলাদেশি এক তরুণের হাত ধরে ভারত থেকে বাংলাদেশে আসে ভারতীয় তরুণী শিউলি খাতুন। অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করলেও প্রেমিকের সাথে বাস করা হয়নি তার। পরে ওই ভারতীয় তরুণীকে উদ্ধার করে বিএসএফ’র কাছে হস্তান্তর করেছে বিজিবি।
সোমবার (২ মার্চ) বিকাল ৪টায় লালমনিরহাট ১৫ বিজিবির কাশিপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার জহিরুল ইসলাম ও ভারতীয় ৩৮-বিএসএফ কুর্শাহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসআই যতীন্দ্র শিংয়ের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় দুই দেশের জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
বিজিবি ১৫ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল তৌহিদুল আলম এ তথ্য নিশ্চিত জানান, ভারতীয় ওই তরুণীর নাম শিউলি খাতুন(১৭)। তিনি ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার থরাইখানা গ্রামের সুবেদ শেখের মেয়ে।
তিনি আরো জানান, গত ২৯ ফেব্রুয়ারি শিউলির সঙ্গে প্রেমেরে সম্পর্কের জেরে বাংলাদেশের ফুলবাড়ী উপজেলার আজোয়াটারি মিস্ত্রিটারী গ্রামের আবুল মিয়ার ছেলে রুবেল শেখ (২২) বাংলাদেশে নিয়ে আসে। পরে শিউলির পরিবারের সদস্যরা বিষয়টি কুর্শাহাট ক্যাম্পের বিএসএফকে জানালে বিএসএফ তা কাশিপুর ক্যাম্পের বিজিবি সদস্যদেরকে অবহিত করে তাকে ফেরত পাঠাতে অনুরোধ জানায়। পরে বিজিবি শিউলিকে উদ্ধার করে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ’র কাছে হস্তান্তর করে।
সেরা নিউজ/আকিব