ভ্যাকসিন পাবেন না ১৮ বছরের কম বয়সীরা - Shera TV ভ্যাকসিন পাবেন না ১৮ বছরের কম বয়সীরা - Shera TV

ভ্যাকসিন পাবেন না ১৮ বছরের কম বয়সীরা

স্টাফ রিপোর্টার:
১৮ বছরের কম বয়সীদের কোভিড-১৯ এর ভ্যাকসিন দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, ‘আমাদের জনসংখ্যার ২০ শতাংশ বা প্রায় সাড়ে পাঁচ কোটি মানুষ কোভিড-১৯ এর ভ্যাকসিন পাবেন। তবে যাদের বয়স ১৮ বছরের নিচে তাদের ভ্যাকসিন দেওয়া হবে না। যাদের সংখ্যা মোট জনসংখ্যার প্রায় ৪০ শতাংশ। পৃথিবীর কোথাও এই বয়সীদের ভ্যাকসিন দেয়া হচ্ছে না। এমনকি তাদের ট্রায়ালেও রাখা হয়নি।’

রোববার (২৭ ডিসেম্বর) দুপুরে ওষুধ প্রশাসন অধিদফতরের ন্যাশনাল কন্ট্রোল ল্যাবরেটরিতে ভ্যাকসিন ল্যাব পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এ মুহূর্তে প্রায় এক কোটি লোক দেশের বাইরে থাকছে। সে হিসেবে প্রথমে প্রায় সাড়ে পাঁচ কোটি মানুষের ভ্যাকসিন প্রয়োজন হবে না। তবে পর্যায়ক্রমে সবাইকে এর আওতায় আনা হবে।’

তিনি আরও বলেন, ‘ওষুধ ও ভ্যাকসিনের জন্য আমরা আপাতত দুটি ল্যাব ঠিক করেছি। যার মধ্যে ওষুধের ল্যাবটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) অনুমোদিত। ফলে ওষুধের ল্যাব আন্তর্জাতিক মানের। এই ল্যাবে আমাদের ওষুধ কোম্পানিগুলোর ওষুধের মান পরীক্ষা করা হয় এবং মান বজায় রাখতে যা করণীয় তা করা হয়। আগামীতে এই ল্যাবে কোভিড-১৯ এর ভ্যাকসিনও পরীক্ষা করা হবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমানসহ ন্যাশনাল কন্ট্রোল ল্যাবরেটরির কর্মকর্তারা।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360