৬০ কিলোমিটার গতিবেগে আসছে ঝড় - Shera TV ৬০ কিলোমিটার গতিবেগে আসছে ঝড় - Shera TV

৬০ কিলোমিটার গতিবেগে আসছে ঝড়

ওয়েদার ডেস্ক:

দেশের পশ্চিম, মধ্য ও দক্ষিণাঞ্চলে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকেও এক নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। শনিবার সন্ধ্যায় এক পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, পটুয়াখালী, ফরিদপুর, মাদারীপুর, নোয়াখালী, পাবনা, রাজশাহী, কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই রকম ঝড় সিলেট অঞ্চলেও বয়ে যেতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া আগামীকাল রবিবার সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সময় ঢাকায় দক্ষিণ-পশ্চিম অথবা দক্ষিণ দিক থেকে বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার, যা দমকা আকারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটাররে ওঠে যেতে পারে।

শনিবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনায় ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে রাজারহাটে ৬১ মিলিমিটার। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা রেকর্ড করা হয়েছে ৪৩ শতাংশ।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360