জুনের প্রথম আসছে ফাইজার-বায়োএনটেকের এক লাখ ৬২০ ডোজ টিকা - Shera TV জুনের প্রথম আসছে ফাইজার-বায়োএনটেকের এক লাখ ৬২০ ডোজ টিকা - Shera TV

জুনের প্রথম আসছে ফাইজার-বায়োএনটেকের এক লাখ ৬২০ ডোজ টিকা

ডেস্ক রিপোর্ট:

দেশে করোনাভাইরাসের তৃতীয় টিকা হিসেবে ফাইজার-বায়োএনটেকের এক লাখ ৬২০ ডোজ টিকা আসছে আগামী সপ্তাহ নাগাদ। আজ-কালের মধ্যে এসংক্রান্ত চূড়ান্ত কাগজপত্র স্বাস্থ্য অধিদপ্তরে এসে পৌঁছার কথা রয়েছে। এর আগে প্রথম গত ২০ জানুয়ারি ভারত সরকারের উপহার হিসেবে দেশে আসে সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা। তারপর চলতি মাসের শুরুতে আসে চীনের সিনোফার্মের তৈরি টিকা। অক্সফোর্ডের টিকা দেওয়া শুরু হয় ২৭ জানুয়ারি আর চীনের টিকা দেওয়া শুরু হয়েছে গত মঙ্গলবার থেকে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, ফাইজারের টিকা আসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগী কোভ্যাক্স গ্রুপ থেকে। কোভ্যাক্স থেকে প্রথম ধাপে বিনা মূল্যে দেশের ১১ শতাংশ মানুষের জন্য টিকা আসার কথা রয়েছে। পরে সরকার চাইলে ওই গ্রুপ থেকে কিনে আরো টিকা আনতে পারবে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্বশীল সূত্র গতকাল কালের কণ্ঠকে জানায়, কোভ্যাক্স থেকে প্রথম চালান হিসেবে ফাইজারের এক লাখ ৬২০ ডোজ টিকা এবং এর সঙ্গে আনুষঙ্গিক উপকরণ আগামী সপ্তাহে দেশে পৌঁছবে। তবে এই টিকা কিভাবে দেওয়া হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র জানায়, এখন পর্যন্ত দেশে এসেছে অক্সফোর্ডের মোট এক কোটি তিন লাখ ডোজ, চীনের সিনোফার্মের পাঁচ লাখ ডোজ এবং এর পরই ফাইজারের আসছে এক লাখ ৬২০ ডোজ। এ ছাড়া জুনের মধ্যেই চীনের আরো ছয় লাখ ডোজসহ একাধিক মাধ্যমে আরো কয়েক লাখ টিকা আসার সম্ভাবনা রয়েছে, যেখানে অক্সফোর্ডের টিকাও থাকবে বলে ওই সূত্র জানায়।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360