বয়স্কদের ক্ষেত্রেও কাজ করবে যুক্তরাষ্ট্রের মর্ডানার টিকা - Shera TV বয়স্কদের ক্ষেত্রেও কাজ করবে যুক্তরাষ্ট্রের মর্ডানার টিকা - Shera TV

বয়স্কদের ক্ষেত্রেও কাজ করবে যুক্তরাষ্ট্রের মর্ডানার টিকা

সেরা নিউজ ডেস্ক:
মডার্নার পরীক্ষামূলক করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকাটি বয়স্কদের দেহে সম্ভাবনাময় প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পেরেছে। করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হওয়া মানুষের দেহে পরিলক্ষিত এন্টিবডির চেয়ে বেশি পরিমাণ এন্টিবডি তৈরি করতে পেরেছে পরীক্ষামূলক টিকাটি। প্রাথমিক পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালে এমন ফল পাওয়া গেছে বলে জানিয়েছে মার্কিন ওষুধ প্রস্তুতকারী কোম্পানিটি। এ খবর দিয়েছে এবিসি নিউজ।

মডার্নাকে উদ্ধৃত করে খবরে বলা হয়, ৫৬ থেকে ৭০ বছর বয়সী ১০ জন এবং ৭১ বছর ও তার বেশি বয়সী ১০ জনের ওপর পরীক্ষামূলক টিকাটি প্রয়োগ করা হয়েছে। প্রত্যেককে ২৮ দিনের ব্যবধানে ১০০ মাইক্রোগ্রাম করে দুই ডোজ টিকা দেয়া হয়েছে।

মডার্না জানায়, পরীক্ষায় দেখা গেছে অংশগ্রহণকারীদের দেহে ভাইরাস নিষ্ক্রিয়কারী এন্টিবডি তৈরি হয়েছে। গবেষকদের বিশ্বাস এই এন্টিবডি ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা ও টি-সেল গড়তে সক্ষম। মডার্না আরো জানায়, তাদের টিকায় সৃষ্ট এন্টিবডির পরিমাণ করোনা সংক্রমণ থেকে সুস্থ হওয়া মানুষের শরীরে থাকা এন্টিবডির চেয়ে বেশি। উল্লেখ্য, এই পরীক্ষার ফলাফল এখনো পিয়ার-রিভিউড কোনো সাময়িকীতে প্রকাশ করা হয়নি।
মডার্নার ঘোষণা অনুসারে, পরীক্ষায় অংশগ্রহণকারীদের শরীরের টিকাটির গুরুতর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি।

অংশগ্রহণকারীদের মধ্যে কয়েকজন ক্লান্তি, শিহরণ, মাথাব্যথা ও ইনজেকশন দেয়ার জায়গায় ব্যথার কথা জানিয়েছে। যদিও বেশির ভাগ পার্শ্বপ্রতিক্রিয়ায় দুইদিনের মধ্যে সেরে গেছে।

বয়স্কদের দেহে টিকা প্রয়োগে সফলতার খবরে মডার্নার শেয়ারের মূল্য ৬ শতাংশ বৃদ্ধি পায় বুধবার। প্রসঙ্গত, এখন পর্যন্ত বিশ্বজুড়ে সর্বজনীন ব্যবহারের অনুমোদনপ্রাপ্ত কোনো কার্যকরী করোনা টিকা আবিষ্কার হয়নি। এখন অবধি বিশ্বজুড়ে ২ কোটি ৩৯ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে এই ভাইরাসে। মারা গেছেন ৮ লাখ ২০ হাজারের বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুসারে, ১৭০টির বেশি টিকা নিয়ে বিশ্বজুড়ে কাজ করছেন বিজ্ঞানীরা। এর মধ্যে ক্লিনিক্যাল ট্রায়ালে রয়েছে ৩১টি।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360